রাজ্য

কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, জুনেই চাকরি ও ৫ লক্ষ টাকা পাবেন নিহত ৩১৫ বিজেপি কর্মীর পরিবার

একুশের বিধানসভা নির্বাচন-পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি অবশেষে বাস্তবায়নের পথে। রবিবার নিউটাউনের কনভেনশন সেন্টারে আয়োজিত এক দলীয় কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় প্রাণ হারানো ৩১৫ জন বিজেপি কর্মীর পরিবারের একজন যোগ্য সদস্যকে চলতি জুন মাসের মধ্যেই সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি পরিবারকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এককালীন ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও প্রদান করা হবে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জেলায় ব্যাপক রাজনৈতিক হিংসার অভিযোগ ওঠে। বিজেপির দাবি ছিল, বহু কর্মী আক্রান্ত হয়েছেন, ঘরছাড়া হয়েছেন এবং অন্তত ৩২১ জন কর্মী খুন হয়েছেন। সেই সময় বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত গড়ালেও নিহত ও আক্রান্ত পরিবারগুলির দাবি, তারা দীর্ঘদিন কোনও কার্যকর পুনর্বাসন বা ন্যায়বিচার পাননি।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ক্ষমতায় আসার পর থেকেই নতুন করে আশার আলো দেখতে শুরু করেন ওই পরিবারগুলি। নির্বাচনী প্রচারের সময় দক্ষিণ ২৪ পরগনার ফলতায় এক সভা থেকে শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে ভোট-পরবর্তী হিংসায় নিহত দলীয় কর্মীদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে এবং আক্রান্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

রবিবারের ঘোষণার মাধ্যমে সেই প্রতিশ্রুতিই কার্যকর করার বার্তা দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজনৈতিক হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্মানজনক পুনর্বাসন দেওয়াই সরকারের লক্ষ্য। চাকরি ও আর্থিক সহায়তার এই সিদ্ধান্তে দীর্ঘ পাঁচ বছর ধরে অপেক্ষারত পরিবারগুলির মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.