একসময় বীরভূমে তাঁর রাজনৈতিক প্রভাব নিয়ে নানা আলোচনা ছিল। কিন্তু রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর এবার নতুন বিতর্কে জড়ালেন তৃণমূলের প্রভাবশালী নেতা Anubrata Mandal। বোলপুরের এক ইটভাটা মালিকের অভিযোগের ভিত্তিতে শান্তিনিকেতন থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। চুরি, তোলাবাজি, ভয় দেখানো-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
অভিযোগকারী শুভেন্দুবিকাশ মণ্ডল, যিনি কঙ্কালীতলা এলাকার একটি ইটভাটার মালিক। তাঁর দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূলের স্থানীয় নেতা মামন শেখের নেতৃত্বে একদল ব্যক্তি তাঁর ইটভাটায় চড়াও হয়। অভিযোগ, প্রায় ১০০টি ট্রাক্টর নিয়ে সেখানে পৌঁছে বোমা ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে কর্মীদের এলাকা ছাড়তে বাধ্য করা হয়। এরপর প্রায় ৩ লক্ষ ইট তুলে নিয়ে যাওয়া হয়, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।
ব্যবসায়ীর আরও অভিযোগ, ওই ইটগুলি বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয় নির্মাণের কাজে ব্যবহার করা হয়েছিল। পরে ইটের দাম চাইতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। দীর্ঘদিন ধরে তাঁর কাছ থেকে মোটা অঙ্কের তোলাও দাবি করা হচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শুভেন্দুবিকাশ মণ্ডলের দাবি, ঘটনার পর তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েছিলেন। তবে সে সময়ে পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। রাজনৈতিক প্রভাবের কারণেই অভিযোগ গ্রহণ করা হয়নি বলেও তাঁর অভিযোগ।
সম্প্রতি ফের শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ প্রাথমিক তদন্তের পর অনুব্রত মণ্ডল, মামন শেখ-সহ মোট ১৩ জনের বিরুদ্ধে ৮টি ধারায় মামলা রুজু করে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর অতীতের বিভিন্ন অভিযোগ নতুন করে সামনে আসছে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলা সেই প্রক্রিয়ারই অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করা হচ্ছে।







