খেলাধুলা

মাঠের সঙ্গী হয়ে অবসরেও মেসির হাত ধরতে চান সুয়ারেজ

ফুটবল বিশ্বে তাঁদের বন্ধুত্ব যেন এক অন্য রকম কিংবদন্তি। বার্সেলোনার জার্সিতে শুরু, পরে ইন্টার মায়ামির হয়ে নতুন অধ্যায়— সব জায়গায় পাশাপাশি থেকেছেন লিয়োনেল মেসি ও লুইস সুয়ারেজ়। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও দুই পরিবারের সম্পর্ক সমান উষ্ণ। তাই অবসর নিয়েও স্বপ্ন একই— প্রিয় বন্ধু মেসির হাত ধরে ক্যারিয়ারের শেষ অধ্যায়টাও কাটাতে চান উরুগুয়ের স্ট্রাইকার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুয়ারেজ় জানান, ‘‘আমাদের বয়স অনেকটাই হয়ে গিয়েছে। সিদ্ধান্ত নিতে হবে ভেবে চিন্তেই। তবে আমার ইচ্ছা আছে মেসির সঙ্গে অবসর নেওয়ার। এই নিয়ে বহুবার কথা হয়েছে আমাদের। তবে এটা নিশ্চিত নয়, হতে পারে আবার নাও হতে পারে। সবটাই নির্ভর করছে ক্লাবের সঙ্গে চুক্তির উপর।’’ মেসিকে একা রেখে ফুটবলকে বিদায় জানানোর ভাবনা তাঁর নেই বলেই স্পষ্ট করে দিয়েছেন তিনি।

এখন দু’জনেই খেলছেন ইন্টার মায়ামির হয়ে। আগামী ডিসেম্বরে শেষ হবে তাঁদের বর্তমান চুক্তি। ক্লাব মেসির সঙ্গে নতুন করে আলোচনায় বসেছে, যদিও সুয়ারেজ়ের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। এই প্রসঙ্গে উরুগুয়ের ফরোয়ার্ড বলেন, ‘‘আমি এখনকার সময়টা উপভোগ করতে চাই। শারীরিকভাবে ফিট আছি, পারফর্ম করতে পারছি। ভবিষ্যৎ নিয়ে না ভেবে চাই মায়ামিকে চ্যাম্পিয়ন বানাতে। চাই সেরা ফুটবলাররা আসুক এখানে, মেজর লিগ সকার আরও বড় হোক।’’

তবে সুয়ারেজ় জানেন, ফুটবলে সব পরিকল্পনা বাস্তবায়িত হয় না। ‘‘অনেক কিছু আমরা ভেবে রাখি, কিন্তু মাঠে ভিন্ন কিছু ঘটে। তাই বর্তমানে বাঁচতে ভালোবাসি। মরসুম শেষ হলে বোঝা যাবে কী হতে চলেছে,’’ বলেন তিনি। একসঙ্গে ট্রফি জেতা থেকে অবসর পর্যন্ত— মেসি-সুয়ারেজ়ের জুটিকে ঘিরে তাই সমর্থকদের প্রত্যাশা তুঙ্গে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.