বলিউডে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন আরিয়ান খান। তাঁর প্রথম শো ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর প্রিভিউ লঞ্চে উপস্থিত ছিলেন বাবা শাহরুখ খান, আর মঞ্চে উঠে আরিয়ানের প্রথম বক্তব্য শুনে আবেগে ভেসে গেলেন কিং খান। দর্শকদের সামনে তাঁর চোখেমুখে স্পষ্ট ছিল সন্তানের প্রতি গর্ব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহরুখ নিজের স্বভাবসুলভ রসবোধ ও আবেগ দিয়ে পরিবেশ মাতিয়ে তোলেন। তিনি বলেন,”আজকের দিনটা বিশেষ, কারণ আরিয়ান নিজের দৃঢ় বিশ্বাস, পরিশ্রম আর সৃজনশীলতা দিয়ে এই শো-কে বাস্তব করেছে।”
হাস্যরস মিশিয়ে আরও যোগ করেন,”যখন আরিয়ান বলল শোটা হবে কড়া, তীক্ষ্ণ আর খানিকটা পাগলামিভরা, আমি ভেবেছিলাম ও হয়তো মান্নতের সিসিটিভি ফুটেজই ইউটিউবে দিতে যাচ্ছে!” শাহরুখ জানান, প্রথমে তিনি ছেলের ভাবনাটা পুরোপুরি ধরতে পারেননি। তবে একবার শোয়ের মূল সুর বুঝে নিলে তিনি এতে মুগ্ধ হয়ে যান। তাঁর ভাষায়,”বিষয়টা নতুন, আলাদা এবং খুব চ্যালেঞ্জিং। একবার বুঝে যাওয়ার পর আমি সত্যিই এতে আকৃষ্ট হয়েছিলাম।” প্রকাশিত প্রিভিউতে ইতিমধ্যেই দর্শকরা চমক পেয়েছেন যেখানে সলমন খান, করণ জোহর ও রণবীর সিংয়ের মতো তারকাদের ক্যামিও দেখা গিয়েছে।
গল্পের কেন্দ্র একজন বহিরাগত, যিনি হঠাৎ বলিউডে সুযোগ পেয়ে বিশৃঙ্খল ইন্ডাস্ট্রির ভেতর নিজের জায়গা খুঁজে নিতে থাকেন। পাশাপাশি সাহের বাম্বা অভিনয় করেছেন নেপোকিড চরিত্রে, আর তাঁর বাবার ভূমিকায় রয়েছেন ববি দেওল। আরিয়ান খান নিজে লিখেছেন ও পরিচালনা করেছেন সিরিজটি। অভিনয়ে রয়েছেন মোনা সিং, মনোজ পাহওয়া, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, অন্যা সিং ও গৌতমী কাপুর। প্রযোজনায় শাহরুখ ও গৌরী খানের সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। বলিউড এখন নজর রাখছে নতুন প্রজন্মের এই পরিচালকের দিকে, আর শো-এর প্রথম ঝলক দিয়েই তিনি ইতিমধ্যেই প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে।







