সবুজ মেরুন শিবিরে যেন এক অদ্ভুত দ্বৈত সুর বাজছে। একদিকে চোট কাটিয়ে দলে ফিরছেন দলের অন্যতম ভরসা মানবীর সিং, অন্যদিকে দিমিত্রি পেত্রাতোসের মতো তারকার প্রথম একাদশে থাকা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আগামী ১২ এপ্রিল যুবভারতীতে বেঙ্গালুরুর বিরুদ্ধে মরসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইতে নামছে মোহনবাগান সুপারজায়ান্টস। সেই ম্যাচকে সামনে রেখে এখন থেকেই উত্তেজনার পারদ চড়ছে সমর্থকদের মধ্যে।
জামশেদপুরের বিরুদ্ধে সেমিফাইনালে মাত্র ২০ মিনিট খেলেই দলের আক্রমণে গতি এনেছিলেন মানবীর। যদিও গোল পাননি, তবুও তাঁর মাঠে উপস্থিতিই অনুপ্রেরণা জুগিয়েছিল অন্যদের। এবার জানা যাচ্ছে, পুরোপুরি ফিট হয়ে গেছেন তিনি। অনুশীলনেও স্বচ্ছন্দ গতিতেই ছুটছেন। সূত্রের খবর, ফাইনালে প্রথম একাদশে তাঁকে দেখা যাবে নিশ্চিতভাবেই। কোচ হোসে মোলিনা তাঁর ছকে মানবীরকে নিয়ে নতুন ছক কষতে শুরু করে দিয়েছেন।
তবে আরেক দিক থেকে কিছুটা চিন্তার ভাঁজ পড়েছে কোচিং স্টাফের কপালে। অজি তারকা দিমিত্রি পেত্রাতোস, যিনি বিগত মরসুমে ওড়িশার বিরুদ্ধে অতিরিক্ত সময়ে জয় এনে দিয়েছিলেন, তাঁকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। গ্রেগ স্টুয়ার্ট দলে আসার পর থেকেই একাদশে নিয়মিত নন দিমি। সেমিফাইনালেও মাত্র ৯ মিনিট মাঠে ছিলেন। সম্প্রতি অনুশীলনেও তাঁকে বেশ একাকী দেখা যাচ্ছে।
এই পরিস্থিতিতে বাগান সমর্থকদের একটাই প্রশ্ন—ফাইনালের প্রথম একাদশে কি জায়গা পাবেন দিমি? নাকি তাঁকে রাখা হবে শেষ মুহূর্তের জন্য? একদিকে মানবীরের প্রত্যাবর্তনে দল শক্তি পাচ্ছে ঠিকই, কিন্তু দিমিকে বাদ দিলে তা আবেগের দিক থেকে বড় ধাক্কা হতে পারে সবুজ মেরুন সমর্থকদের কাছে। এখন দেখার, শনিবার যুবভারতীর ম্যাচে কী চমক নিয়ে মাঠে নামে মোহনবাগান।







