খেলাধুলাবিনোদন

ওয়েবে আসছে ‘১৯৫৪ দ্য হিস্টোরিক্যাল ক্রাইম’, রহস্যে ঘেরা কলকাতার নৃশংস খুনের কাহিনি

বিনোদনের ঝুলিতে নতুন সংযোজন আনছে ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার ওয়েব প্ল্যাটফর্ম ফ্রাইডে। আসছে সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালিত নতুন সিরিজ ‘১৯৫৪ দ্য হিস্টোরিক্যাল ক্রাইম’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই রহস্য রোমাঞ্চে ভরা সিরিজের কেন্দ্রে থাকছে স্বাধীনতা পরবর্তী কলকাতার সবচেয়ে আলোচিত খুনের মামলা বেলারানি দত্ত হত্যা কাণ্ড।

এই সিরিজে লালবাজারের তুখোড় গোয়েন্দা সমরেন্দ্র সেনগুপ্তর চরিত্রে অভিনয় করছেন রুদ্রনীল ঘোষ। এর আগে তাঁকে খুব কমই গোয়েন্দার ভূমিকায় দেখা গিয়েছে। এবার পরিচালক ও চিত্রনাট্যের নির্দেশ মেনে তিনি চরিত্রটিকে নিজের মতো করে ফুটিয়ে তুলেছেন। খলনায়কের ভূমিকায় দেখা যাবে সৌরভ দাসকে, যিনি পর্দায় নৃশংসভাবে স্ত্রী বেলারানিকে খুন করবেন। বেলারানির চরিত্রে রয়েছেন প্রান্তিকা দাস। তাঁর কথায়,”আমার চরিত্রকেই কেন্দ্র করে গল্প এগোবে। ১৯৫৪ সালের উত্তর কলকাতার জীবনযাত্রা স্পষ্ট ফুটে উঠবে সিরিজে।”

অভিনয়তালিকায় আরও আছেন পূজারিণী ঘোষ, সুদীপা বসু, কৌশিক সেন এবং বিপ্লব বন্দ্যোপাধ্যায়। পরিচালক সিরিজটিকে বাস্তবের কাছাকাছি আনতে সে সময়ের লালবাজারের অভিজ্ঞ অফিসারদের সঙ্গে আলোচনা করেছেন। এমনকি হোমিসাইড বিভাগের দাপুটে অফিসার অলোক সান্যালও এই প্রজেক্টে যুক্ত। বর্তমানে লালবাজার ট্রাফিক কন্ট্রোল বিভাগের যুগ্ম কমিশনার পদে থাকা তিনি সিরিজে বিচারকের চরিত্রে অভিনয় করেছেন।

উল্লেখযোগ্য যে, বেলারানি দত্ত হত্যা মামলা ভারতীয় অপরাধ ইতিহাসে এক মাইলফলক। সন্তানসম্ভবা স্ত্রীকে দা দিয়ে খুন করে শরীরের অঙ্গ ছিন্নভিন্ন করার মতো নৃশংসতা সে সময় কলকাতাকে স্তম্ভিত করেছিল। তদন্ত প্রক্রিয়ায় এই মামলাতেই প্রথমবার প্লাস্টিক সার্জারির সাহায্য নেওয়া হয়। সেই চাঞ্চল্যকর ঘটনার ছায়াই এবার ধরা দেবে পর্দায়। শিগগিরই মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত এই সিরিজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.