রাজনীতি

বাদল অধিবেশনে বিশৃঙ্খলা: কংগ্রেস নয়, দায়ী তৃণমূল — অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর

সংসদের বাদল অধিবেশনের বড় অংশটাই কাটল প্রবল বিশৃঙ্খলার মধ্য দিয়ে। বিহারের SIR, ট্রাম্পের শুল্কনীতি, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের অপসারণ প্রসঙ্গ এবং ভিনরাজ্যে বাঙালি হেনস্তার মতো ইস্যুতে নিয়মিত বিক্ষোভে সরব ছিল ইন্ডিয়া জোটের সাংসদরা। তবে কংগ্রেসকে ছাপিয়ে নেতৃত্বে ছিল তৃণমূল কংগ্রেসই — এমনটাই দাবি সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর।

সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে রিজিজু বলেন, “আমি অশান্তির জন্য কংগ্রেস সাংসদদের দায়ী করব না। তাঁরা দলের নির্দেশ মেনে চলেন। কিন্তু তৃণমূল সাংসদরা কলকাতা থেকে আসা নির্দেশে কাজ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন, সেটাই করতে বাধ্য হন তাঁরা। ফলে সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।”

বিতর্কের সূত্রপাত বুধবার। সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে পেশ করেন তিনটি গুরুত্বপূর্ণ বিল —

কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫

সংবিধান (১৩০তম সংশোধনী) বিল ২০২৫

জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস (সংশোধনী) বিল ২০২৫

এই বিলগুলিতে প্রস্তাব করা হয়, যদি প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বা কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী/মন্ত্রী গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে ৩০ দিনের বেশি জেলে থাকেন, তাহলে তাঁকে পদ থেকে অপসারণ করা হবে। বিরোধী শিবির সর্বসম্মতভাবে এর বিরোধিতা করে।

অমিত শাহ বিল পেশ করা মাত্রই তৃণমূল সাংসদরা ওয়েলে নেমে বিক্ষোভ শুরু করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বিলের কপি ছিঁড়ে ফেলেন এবং শাহের দিকে ছুড়ে দেন। এরপর একে একে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী সাংসদও আন্দোলনে যোগ দেন।

রিজিজুর অভিযোগ, বিরোধীদের বৈঠকে আগে থেকেই স্থির হয়েছিল যে বিল পেশের সময় ওয়েলে নামা হবে না। তৃণমূলও সেই সিদ্ধান্তে রাজি হয়েছিল। কিন্তু পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কৌশল বদলে যায়।

রাজনৈতিক মহলের মত, দিল্লির ইন্ডিয়া জোটে তৃণমূল এখন নিজেদের কেন্দ্রবিন্দুতে প্রতিষ্ঠা করেছে। কিরেন রিজিজুর মন্তব্যে স্পষ্ট, কংগ্রেস নয়, বরং তৃণমূলের আন্দোলনকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কেন্দ্র।

বাদল অধিবেশনের এই অশান্তি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে কি না, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.