দাম্পত্যের টানাপড়েনের মধ্যে জিম ট্রেনারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠার অভিযোগ। সেই সম্পর্কের জেরেই স্বামীকে খুনের ষড়যন্ত্র করার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন তাঁর স্বামী। ঘটনাটি ঘটেছে দিল্লির কাছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানা এলাকার বসুন্ধরা সেক্টর-১-এর একটি আবাসনে। এই ঘটনায় আক্রান্তের স্ত্রী প্রিয়া শর্মা এবং তাঁর জিম ট্রেনার প্রতাপ সিংকে গ্রেফতার করেছে পুলিশ।
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ অক্টোবর সকালে শশাঙ্ক কাঁঠারিয়ার ফ্ল্যাটে ঢুকে তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতাপ। সেই সময় শশাঙ্কের স্ত্রী জিমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গিয়েছে। আচমকা হামলায় গুরুতর জখম হন শশাঙ্ক। তাঁর চিৎকার শুনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।
**জিম থেকেই পরিচয়, তার পর ঘনিষ্ঠতা**
তদন্তকারীদের দাবি, প্রায় সাত-আট মাস আগে যে জিমে প্রতাপ প্রশিক্ষক হিসেবে কাজ করতেন, সেখানে যাতায়াত শুরু করেন প্রিয়া। সেখানেই দু’জনের পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। হোয়াটসঅ্যাপেও নিয়মিত কথাবার্তা চলত বলে তদন্তে উঠে এসেছে। পুলিশের দাবি, জেরায় প্রতাপ জানিয়েছে, তারা বিয়ের পরিকল্পনাও করেছিল।
শশাঙ্কের সঙ্গে প্রিয়ার চার বছর আগে বিয়ে হয়েছিল। শশাঙ্ক ও প্রিয়া দু’জনেই দিল্লিতে সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করতেন। এটি প্রিয়ার দ্বিতীয় বিয়ে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
**বাড়ি বদলের পরিকল্পনার পরই হামলা?**
পুলিশের দাবি, প্রতাপের সঙ্গে স্ত্রীর সম্পর্কের কথা জানতে পেরে শশাঙ্ক দিল্লির অন্য জায়গায় চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। দিওয়ালির পর বাড়ি বদলের কথা ভাবছিলেন তিনি। তদন্তকারীদের অভিযোগ, এর পরেই শশাঙ্ককে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন প্রিয়া ও প্রতাপ। ২৫ অক্টোবর তাঁদের মধ্যে ফের দেখা হয় এবং পরের দিন সকালে হামলা চালানো হয় বলে পুলিশের দাবি।
শশাঙ্কের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ। প্রিয়া ও প্রতাপের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ঘটনার পিছনে ঠিক কী উদ্দেশ্য ছিল এবং হামলার পরিকল্পনায় কার কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের চূড়ান্ত সত্যতা অবশ্য তদন্ত ও আদালতের বিচারপ্রক্রিয়াতেই নির্ধারিত হবে।






