এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার সকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই অভিযানের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মুর্শিদাবাদের আন্দির তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।
সূত্রের খবর, সকাল সকাল ইডি আধিকারিকেরা পৌঁছে যান বিধায়কের আন্দির গ্রামের বাড়িতে। তখন বাড়িতেই ছিলেন তিনি। হঠাৎ কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের দেখে পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন জীবনকৃষ্ণ। তবে ইডির তিন জওয়ান তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন এবং বাড়ির ভিতরে নিয়ে আসেন। এরপর অন্তত পাঁচ আধিকারিক তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় অন্তত দু’টি ফোনের পাসওয়ার্ড দিতে অস্বীকার করেছেন জীবনকৃষ্ণ। গত ৯০ দিনের কল রেকর্ড ধরে তাঁকে প্রশ্ন করা হচ্ছে, তবে তাঁর উত্তরে অসঙ্গতি ধরা পড়েছে বলে অভিযোগ।
সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটে পালানোর সময়। ইডি আধিকারিকদের দাবি, সেই সময় জীবনকৃষ্ণ বাড়ির পিছনের ঝোপে একটি মোবাইল ফোন ফেলে দেন। প্রথমে বিষয়টি টের না পেলেও, পরে পরিত্যক্ত নর্দমা থেকে উদ্ধার করা হয় সেই ফোন। মোবাইলটিতে কী তথ্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে শুধু আন্দিই নয়, বীরভূমের সাঁইথিয়ায় জীবনকৃষ্ণের পিসি তথা ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়ি, রঘুনাথগঞ্জে শ্বশুরবাড়ি এবং মহিষগ্রামের বাসিন্দা ব্যাঙ্ককর্মী রাজেশ ঘোষের বাড়িতেও ইডি তল্লাশি চালাচ্ছে।
উল্লেখযোগ্য, এর আগেও তদন্তের সময় প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল এই বিধায়কের বিরুদ্ধে। ২০২৩ সালের এপ্রিল মাসে সিবিআই তাঁকে গ্রেফতার করে। অভিযোগ ছিল, তল্লাশির সময় তিনি দু’টি মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন। পরে পুকুরের জল ছেঁচে সেই ফোন উদ্ধার করা হয়। প্রায় ১৩ মাস জেল হেফাজতে থাকার পর সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি।
এবার ফের মোবাইল ফেলে দেওয়ার ঘটনা ঘিরে স্বভাবতই নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।







