জেলা

জমি জালিয়াতির মামলায় বেচারাম-ঘনিষ্ঠ ঠিকাদার গ্রেফতার, চন্দননগর আদালতে পেশ

হুগলির সিঙ্গুরে জমি জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হল ঠিকাদার অর্ণব সিংহ রায়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যের জমি জাল নথির মাধ্যমে বিক্রির ষড়যন্ত্রে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রবিবার ধৃতকে চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হয়।

অভিযোগের সূত্রপাত সিঙ্গুর থানার বড়া অঞ্চলের ঝাঁকারি গ্রামের বাসিন্দা তারাপদ মণ্ডলের সম্পত্তি নিয়ে। পরিবার সূত্রে দাবি, তারাপদ ২০০১ সালে মারা যান। অভিযোগ, ২০১৪ সালে তাঁর সম্পত্তি জালিয়াতির মাধ্যমে বিক্রি করা হয়। প্রায় তিন বছর পর, ২০১৭ সালে মৃতের ছেলেরা বিষয়টি নিয়ে অভিযোগ জানান।

পরিবারের দাবি, তৎকালীন বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্নার কাছেও বিষয়টি জানানো হয়েছিল। তবে তাঁদের অভিযোগ, সে সময় সমস্যার সমাধান হয়নি। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর তারাপদের এক ছেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের সূত্র ধরেই অর্ণবকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

অন্যদিকে, আদালতে নিয়ে যাওয়ার সময় অর্ণব তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, রাজনৈতিক ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানো হয়েছে।

অভিযোগকারী বিশ্বনাথ মণ্ডলের দাবি, তাঁদের পরিবারের প্রায় ৯০ শতক জমি বেআইনিভাবে বিক্রি করা হয়েছে। তিনি জমি ফেরতের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রের দাবি, প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্না এবং তাঁর স্ত্রী করবী মান্নার সঙ্গে অর্ণবের ঘনিষ্ঠতা ছিল। বিজেপির অভিযোগ, এই প্রভাবশালী যোগাযোগের কারণেই তিনি বিভিন্ন ঠিকাদারি সংগঠনে পদ পেয়েছিলেন এবং অতীতে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠলেও ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও এই অভিযোগ নিয়ে বেচারাম মান্না বা করবী মান্নার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনায় রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি জমি জালিয়াতির অভিযোগের তদন্তও চালিয়ে যাচ্ছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.