দক্ষিণ পূর্ব রেলের আদ্রা-চান্ডিল শাখার বরাভূম স্টেশনে এক হৃদয়বিদারক দৃশ্য চাঞ্চল্য ছড়াল। ঝাড়খণ্ডের কান্ডরা থেকে স্বামী মনোজ কর্মকারের সঙ্গে গোমো ট্রেনে ফিরছিলেন শান্তা কর্মকার। পথে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বরাভূম স্টেশনে নামানো হয়। কিন্তু সেখানেই তাঁর মৃত্যু ঘটে।
অভিযোগ উঠেছে, প্রায় ছয় ঘণ্টারও বেশি সময় ধরে মৃতদেহটি প্ল্যাটফর্মে পড়ে ছিল, অথচ রেল পুলিশের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং দেহ সরিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ।
চাঞ্চল্য বাড়ায় যখন দেখা যায়—স্বামী মনোজ কর্মকারকে স্ত্রীর মৃতদেহ কাঁধে বহন করতে হচ্ছে। সেই দৃশ্য মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, ক্ষোভ ছড়ায় সাধারণ মানুষের মধ্যে।
স্থানীয়দের প্রতিবাদ ও বিক্ষোভের পর অবশেষে জিআরপি দেহ উদ্ধার করে পুরুলিয়ায় নিয়ে যায়। জানা গিয়েছে, মৃত দম্পতি জীবিকা নির্বাহ করতেন বোতল কুড়িয়ে।
এই ঘটনার পর রেল পুলিশের মানবিকতা ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই ঘটনার নিন্দা জানিয়েছেন বহু মানুষ। আজ, মঙ্গলবার, মৃতার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
এ ধরনের অমানবিক ছবি প্রশ্ন তোলে—মানবিকতার চেয়ে কি প্রশাসনিক উদাসীনতা বড় হয়ে উঠছে?







