রেশন তোলার ক্ষেত্রে এবার থেকে জারি হল নয়া বিজ্ঞপ্তি। এখন থেকে শুধুমাত্র রেশন কার্ড যথেষ্ট নয় রেশন তোলার জন্য। এবার থেকে রেশন তোলার জন্য বাধ্যতামূলক হলো আধার কার্ড ও বায়োমেট্রিক যাচাই। সম্প্রতি রাজ্যের খাদ্য সুরক্ষা দফতরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী, রেশন প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি দরিদ্র মানুষ সরকারি ভর্তুকিযুক্ত খাদ্যসামগ্রী পান। পশ্চিমবঙ্গেও বর্তমানে প্রায় ৮ কোটি ৯০ লক্ষ গ্রাহক এই প্রকল্পের আওতায় রয়েছেন। এর মধ্যে ৮৯ শতাংশ গ্রাহকের ইতিমধ্যেই ই-কেওয়াইসি সম্পন্ন হলেও এখনও কিছু পরিবার আধার কার্ডের অভাবে রেশন থেকে বঞ্চিত হচ্ছেন।
খাদ্য দফতরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকীর স্বাক্ষরিত নির্দেশিকায় বলা হয়েছে, আধার না থাকলে বা বায়োমেট্রিক যাচাই সম্পন্ন না হলেও কোনো বৈধ রেশন কার্ডধারীকে রেশন থেকে বঞ্চিত করা যাবে না। প্রতিটি জেলা প্রশাসককে ৩১ শে আগস্টের মধ্যে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। কতজন গ্রাহক আধার সংক্রান্ত জটিলতায় বঞ্চিত হচ্ছেন, তাদের জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে ও কোন কোন অভিযোগ এখনও অমীমাংসিত রয়েছে তা উল্লেখ করে।







