কম্পিউটার সায়েন্সে বি-টেক ডিগ্রি অর্জনের পর এ বার একেবারে ভিন্ন জগতে পা রাখতে চলেছেন বিরাটির মেয়ে সম্পূর্ণা রক্ষিত। পড়াশোনার পর অভিনয়ের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের প্রযোজনায় আসতে চলা নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে সম্পূর্ণাকে। ছোটপর্দার দর্শকের কাছে একেবারেই নতুন মুখ হলেও, তাঁর আত্মপ্রকাশ ঘিরে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে বিনোদন মহলে।
খবর প্রকাশ্যে আসতেই বিস্তারিত জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার স্নিগ্ধা বসুর সঙ্গে। তিনি এই তথ্যের সত্যতা স্বীকার করেছেন। যদিও ধারাবাহিকের নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে গল্পের কাঠামো নিয়ে প্রাথমিক ধারণা মিলেছে। জানা গিয়েছে, এই ধারাবাহিকে মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন জীবনযাত্রার পাশাপাশি গুরুত্বপূর্ণ জায়গা পাবে রাজনৈতিক প্রেক্ষাপটও।
গল্প অনুযায়ী, সম্পূর্ণার চরিত্রটি একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার মেয়ে। অন্য দিকে, সেই নেতার ঘনিষ্ঠ সহকারীর ভূমিকায় অভিনয় করবেন রাহুল মজুমদার। কাজের সূত্রেই রাহুল ও সম্পূর্ণার আলাপ, সেখান থেকেই বন্ধুত্ব। সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হবে—এই সম্পর্কই ধারাবাহিকের মূল আকর্ষণ।
এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় ফিরছেন রাহুল মজুমদার। তাঁকে শেষ দেখা গিয়েছিল জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য়। যদিও যোগদানের মাত্র তিন মাসের মাথায় সেই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় সাময়িক মনখারাপ হয়েছিল তাঁর। এর আগে ‘হরগৌরী পাইস হোটেল’ ও ‘খুকুমণি হোম ডেলিভারি’র মতো ধারাবাহিকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। উল্লেখযোগ্য ভাবে, এই দুই ধারাবাহিকেই রাহুলের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন শুভস্মিতা মুখোপাধ্যায় ও দীপান্বিতা রক্ষিত, যাঁরা আজ ছোটপর্দার জনপ্রিয় মুখ।
সব মিলিয়ে, প্রযুক্তি থেকে অভিনয় এবং তার সঙ্গে রাজনীতির গল্প—সম্পূর্ণা রক্ষিত ও রাহুল মজুমদারের এই নতুন ধারাবাহিক দর্শকের মনে কতটা জায়গা করে নিতে পারে, এখন সেটাই দেখার।







