বিনোদন

মনীশ মলহোত্রার প্রথম প্রযোজনা ‘গুস্তাখ ইশ্‌ক’, নস্টালজিয়ার আবহে নতুন বলিউডি প্রেমকাহিনি

বলিউডের আইকনিক ব্রাইডাল লুকের স্রষ্টা, ফ্যাশন জগতের সম্রাট মনীশ মলহোত্রা এবার সিনেমা প্রযোজনায় এক নতুন অধ্যায় লিখতে চলেছেন। বহু প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে এল তাঁর প্রথম প্রযোজিত ছবি ‘গুস্তাখ ইশ্‌ক’-এর টিজার। ছবির পরিচালনায় আছেন বিভু পুরি এবং প্রযোজনার দায়িত্বে মনীশ ও দীনেশ মলহোত্রা।

টিজার মুক্তি পাওয়ার পর থেকেই বলিউড মহল ও দর্শক মহলে উচ্ছ্বাসের ঢেউ। বিশেষ করে সংগীতপ্রেমীরা দারুণভাবে মুগ্ধ হয়েছেন, কারণ ছবির সুরকার বিশাল ভরদ্বাজ ও গীতিকার গুলজার আবারও একসঙ্গে কাজ করছেন। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা লিখেছেন,”এ যেন পুরনো বলিউডের দিন ফিরছে”, আবার কেউ মন্তব্য করেছেন,”এই সঙ্গীত ও কাহিনি ২০২৫-কে প্রেমের বছর করে তুলবে।” ছবির নায়িকা ফতিমা সানা শেখকে নিয়েও প্রবল আগ্রহ দেখা যাচ্ছে। তাঁর সাম্প্রতিক কাজের পর এবার ‘গুস্তাখ ইশ্‌ক’-এ উপস্থিতি যেন ভক্তদের জন্য বাড়তি আকর্ষণ। পাশাপাশি বিজয় বর্মার সঙ্গে তাঁর রসায়নের ঝলক পোস্টারেই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।

নিজের আবেগ প্রকাশ করে মনীশ মলহোত্রা জানিয়েছেন, শৈশব থেকেই সিনেমা ছিল তাঁর সবচেয়ে বড়ো ভালোবাসা। সেই ভালোবাসারই বাস্তবায়ন হলো এই প্রযোজনার মাধ্যমে। নভেম্বর ২০২৫-এ মুক্তি পাবে ছবিটি, উপশিরোনাম ‘কুছ পেহলে জ্যায়সা’। যেখানে বাণিজ্যিকতার ভিড়ে প্রেমের গল্প ও অরিজিনাল সঙ্গীত অনেকটাই হারিয়ে গিয়েছিল, সেখানে মনীশের এই উদ্যোগ নতুন আশার আলো জাগিয়েছে। ভক্তদের প্রত্যাশা এই সিনেমা হয়তো ফিরিয়ে আনবে সেই সোনালি সময়, যখন বলিউড মানেই ছিল আবেগ, প্রেম আর সুরের মাদকতা। ‘গুস্তাখ ইশ্‌ক’ কি সত্যিই সেই পুরনো জাদু ফিরিয়ে আনবে? উত্তর মিলবে নভেম্বরেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.