আবহাওয়া

হলুদ ট্যাক্সি কি তবে শহরের ইতিহাসে পরিণত হবে?

অ্যাপ ক্যাবের দাপটের ধাক্কা সামলাতে না সামলাতেই মেট্রো রুট সম্প্রসারণ যেন শেষ আঘাতটা দিল কলকাতার হলুদ ট্যাক্সিকে। একসময় শহরের রাস্তায় যাত্রী পরিবহনের প্রতীক হয়ে থাকা এই ট্যাক্সি আজ প্রায় অস্তিত্বের সংকটে। সোমবার থেকে হাওড়া, শিয়ালদহ স্টেশন এবং বিমানবন্দরের ট্যাক্সি স্ট্যান্ডে যাত্রী কমতে শুরু করেছে। এখন ভরসা শুধু রাতবিরেতে ফেরা দূরপাল্লার যাত্রীরা, যা দিয়ে চালকদের দিন চালানো কার্যত অসম্ভব হয়ে উঠছে।

প্রায় এক দশক আগেই অ্যাপ ক্যাবের উত্থানে ধীরে ধীরে যাত্রী হারাতে থাকে হলুদ ট্যাক্সি। মিটারে না যাওয়া, অতিরিক্ত ভাড়া দাবি, ভাঙাচোরা গাড়ি আর এসির অভাব যাত্রীদের বিরক্ত করেছিল। ফলে বিমানবন্দর বা বড় স্টেশনের বুথ বাদ দিলে হলুদ ট্যাক্সির কদর অনেকটাই কমে গিয়েছিল। তবুও সেখান থেকে কিছুটা রোজগার হচ্ছিল। কিন্তু মেট্রো যখন শিয়ালদহ থেকে ধর্মতলা হয়ে বিমানবন্দর পর্যন্ত যুক্ত হয়ে গেল, তখন যাত্রীরা আর ঝুঁকছেন না ট্যাক্সির দিকে। সস্তায়, ঝামেলাহীন ও আরামদায়ক ভ্রমণের জন্য মেট্রোই এখন তাঁদের প্রথম পছন্দ।

চালকদের কথায়, আগে মালিককে ভাড়া দেওয়া ও তেলের খরচ বাদ দিয়েও দিনে পাঁচ-ছ’শো টাকা হাতে থাকত। এখন মেট্রোর দৌলতে তা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। ফলে অনেকেই পেশা পরিবর্তন করেছেন। উপরন্তু, ১৫ বছরের নিয়মে একের পর এক ট্যাক্সি রাস্তা থেকে সরে যাচ্ছে। বর্তমানে কলকাতায় চলাচল করছে মোটে তিন থেকে সাড়ে তিন হাজার হলুদ ট্যাক্সি। ডিসেম্বরের পর আরও দেড় হাজার ট্যাক্সি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা।

এআইটিইউসি-র অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটির আহ্বায়ক নওয়াল কিশোর শ্রীবাস্তব জানিয়েছেন, শহরে মেট্রো যত বাড়ছে, ট্যাক্সির যাত্রী ততই কমছে। চালকদের সংসার চালানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই, সরকার বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক যাতে এই পরিবারগুলো বাঁচতে পারে। কলকাতার রাস্তায় একসময়কার গর্ব হলুদ ট্যাক্সি তাই ধীরে ধীরে পরিণত হচ্ছে শুধুই নস্টালজিয়ার প্রতীকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.