জেলা

ছাত্রী খুনে ‘দেশরাজ কানেকশন’, গোরক্ষপুর-লখনউ অভিযানে রাজ্য পুলিশ

নদিয়ার কৃষ্ণনগরে ১৯ বছরের কলেজছাত্রী ঈশিতা মল্লিক খুনের ঘটনায় মূল অভিযুক্ত দেশরাজ সিংহ এখনও পলাতক। তাঁকে ধরতে রাজ্য পুলিশের দুটি বিশেষ দল উত্তরপ্রদেশে রওনা দিয়েছে। একটি দল গিয়েছে গোরক্ষপুরে, আরেকটি দল গিয়েছে লখনউ।

তদন্তে জানা গিয়েছে, খুনের আগের দিন অর্থাৎ রবিবার দেশরাজের পৈতৃক ভিটে গোরক্ষপুরে ফেরার কথা ছিল। বিএসএফ জওয়ান বাবা রঘুবিন্দর প্রতাপ সিংহ তাঁর জন্য ট্রেনের টিকিটও কেটে দেন। বাবাকে ফোনে দেশরাজ জানান যে তিনি ট্রেনে উঠে গিয়েছেন। কিন্তু আসলে তিনি যাননি। তার পরের দিনই ঘটে খুনের ঘটনা। এরপর থেকেই অদৃশ্য দেশরাজ। পুলিশের অনুমান, খুনের পর তিনি উত্তরপ্রদেশেই পালিয়ে আড়াল হয়ে আছেন।

কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথ কে জানিয়েছেন, ‘‘দেশরাজ এখনও ধরা পড়েনি। তবে উত্তরপ্রদেশে পাঠানো টিম খুব দ্রুত তাকে গ্রেফতার করবে বলে আমরা আশাবাদী।’’

সোমবার দুপুরে কৃষ্ণনগরের বাড়িতেই খুব কাছ থেকে ঈশিতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনটি গুলি লাগে তাঁর শরীরে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল, রক্তের নমুনা এবং মৃতার ব্যবহৃত কিছু সামগ্রী। প্রাথমিক অনুমান, সেভেন এমএম পিস্তল ব্যবহার করা হয়েছিল খুনে। মঙ্গলবার ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং রাতে নবদ্বীপে শেষকৃত্য সম্পন্ন হয়।

ঈশিতার মা কুসুম মল্লিক জানিয়েছেন, দুপুর দু’টো নাগাদ ছোট মেয়ে স্নানঘর থেকে বেরোতেই দেশরাজ ঘরে ঢুকে গুলি চালান। তিনি নিজে তখন ছোট ছেলেকে স্কুল থেকে নিয়ে ফিরছিলেন। তাঁর সামনেই দেশরাজ ঈশিতাকে লক্ষ্য করে গুলি করে। কুসুম দেবী জানান, সেই সময় তাঁকেও দেশরাজ বন্দুক তাক করে ভয় দেখায়। তিনি দরজা বন্ধ করে প্রাণে বাঁচেন। পরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।

পুলিশ জানিয়েছে, দেশরাজ ও ঈশিতা একে অপরের পরিচিত ছিলেন। ২০১৫ সালে এনডিআরএফ-এ কর্মরত বাবা রঘুবিন্দরের বদলির সূত্রে পরিবার নিয়ে কাঁচরাপাড়ায় থাকতে শুরু করে সিংহ পরিবার। সেখানেই আলাপ হয় দেশরাজ ও ঈশিতার।

দেশরাজ কেন এভাবে ঈশিতাকে খুন করল, তা এখনও স্পষ্ট নয়। বাবা রঘুবিন্দর প্রতাপ সিংহ বলেছেন, ‘‘ছেলে যদি অপরাধ করে থাকে, আইন যেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়।’’ মায়ের কথায়, কী থেকে এমন ভয়ঙ্কর পরিণতি হল, তা তিনি নিজেও বুঝে উঠতে পারছেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.