কলকাতারাজ্য

ভোটের বছরে সরকারি কর্মচারীদের জন্য স্বস্তি! রাজ্য বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি, বেড়ে হল ২২ শতাংশ

অতীতের বাজেট

ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছরেও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) ৪ শতাংশ বাড়ানোর ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। বিধানসভা ভোটের বছরে ২০২৬-এর রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরকারি কর্মচারীদের জন্য এই স্বস্তির বার্তা দেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আরও ৪ শতাংশ বাড়ানো হচ্ছে। এর ফলে এতদিন যে ১৮ শতাংশ হারে ডিএ মিলছিল, তা বেড়ে দাঁড়াল ২২ শতাংশে। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের ডিএ-র ব্যবধান এখনও যথেষ্টই রয়ে গিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা ৫৮ শতাংশ হারে ডিএ পান। রাজ্যের নতুন ঘোষণার ফলে কেন্দ্র-রাজ্য ডিএ-র ফারাক ৪০ শতাংশ থেকে কমে দাঁড়াল ৩৬ শতাংশে।

উল্লেখযোগ্যভাবে, ডিএ বৃদ্ধির এই ঘোষণা এল সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়ের দিনেই। এদিন শীর্ষ আদালত ডিএ-কে সরকারি কর্মচারীদের ‘মৌলিক অধিকার’ হিসেবে স্বীকৃতি দিয়ে জানায়, মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ এবং মে মাসের মধ্যে অবশিষ্ট ৭৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার রিভিউ আবেদন করবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ডিএ বৃদ্ধির সুবিধা শুধু রাজ্য সরকারি কর্মচারীরাই নন, পাবেন সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, আইনসভা-সংযুক্ত সংস্থা, সরকারি ও আধা-সরকারি দফতর, পঞ্চায়েত, পুরসভা এবং বিভিন্ন স্থানীয় সংস্থার কর্মচারীরাও। একই সঙ্গে এই সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের পেনশন প্রাপকেরাও। ফলে রাজ্যের এক বৃহৎ কর্মীসমাজের উপর এই ঘোষণার প্রভাব পড়তে চলেছে।

চলতি বছর বিধানসভা ভোট থাকায় কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে ছিলেন বাংলার বহু মানুষ। অতীতে ভোটের আগে কেন্দ্রীয় বাজেটে বিহারের জন্য বিশেষ বরাদ্দের নজির সামনে রেখে অনেকেই আশা করেছিলেন, এ বার বাংলার জন্যও বড় কোনও ঘোষণা আসতে পারে। কিন্তু কেন্দ্রীয় বাজেটে তেমন কোনও উল্লেখযোগ্য সুখবর না মেলায় নজর ঘুরে যায় রাজ্য বাজেটের দিকে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ভোটের বছরে সরকারি কর্মচারীদের মনোভাব ইতিবাচক রাখতেই ডিএ বৃদ্ধির এই সিদ্ধান্ত। অতীতেও রাজ্য বাজেটের মাধ্যমে ডিএ বাড়ানোর পথে হেঁটেছে নবান্ন। এ বছরও সেই ধারাবাহিকতা বজায় রেখে ফের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্য এই ডিএ বৃদ্ধি যে নবান্নের বৃহত্তর বাজেট কৌশলেরই অংশ, তা মানছেন রাজনৈতিক মহলের একাংশ। এখন দেখার, ভোটের ময়দানে এই সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.