রাজ্য বাজেট পেশের দিনেই উত্তপ্ত হয়ে উঠল কলকাতার রাজপথ। একাধিক দাবিতে বিধানসভা অভিযানে নামলেন মাদ্রাসা শিক্ষকেরা। বৃহস্পতিবার শিক্ষা ঐক্য মঞ্চের ডাকে এই কর্মসূচিতে শামিল হন শতাধিক শিক্ষক-শিক্ষিকা। আন্দোলনে উপস্থিত ছিলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিও।
বেলা বাড়তেই নিউ মার্কেট চত্বরে পৌঁছয় শিক্ষকদের মিছিল। সেখানেই পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়। অভিযোগ, বিধানসভা অভিমুখে এগোনোর চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। সেই ধাক্কাধাক্কির মধ্যেই জড়িয়ে পড়েন নওসাদ সিদ্দিকি।
আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই মাদ্রাসা শিক্ষকদের বেতন, নিয়োগ ও পরিষেবাগত নানা সমস্যা অমীমাংসিত অবস্থায় রয়েছে। বারবার প্রশাসনের কাছে দাবি জানানো হলেও কার্যকর পদক্ষেপ করা হয়নি বলেই অভিযোগ। তাই বাজেটের দিনেই রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে বিধানসভা অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় নিউ মার্কেট ও আশপাশের এলাকায়। সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনা ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। আইএসএফের অভিযোগ, গণতান্ত্রিক আন্দোলন দমন করতেই পুলিশ বলপ্রয়োগ করেছে। অন্যদিকে, প্রশাসনের দাবি, আইনশৃঙ্খলা বজায় রাখতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।







