কলকাতা

রাতের কলকাতায় কেঁপে উঠল মাটি, মায়ানমার থেকে ছুটে এল ভূমিকম্পের ঢেউ- মাত্রা ৬

কলকাতা: মঙ্গলবার রাত ৯টা নাগাদ উত্তর ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও মৃদু থেকে মাঝারি কম্পন টের পাওয়া গিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল মায়ানমার। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬।

কম্পনের জেরে শহরের বিভিন্ন এলাকায় কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়ায়। অফিস, শপিং মল ও আবাসনে থাকা মানুষজনের মধ্যে অনেকে নিরাপত্তার খোঁজে বাইরে বেরিয়ে আসেন। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, কলকাতা কিংবা রাজ্যের কোথাও এখনও পর্যন্ত হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

মধ্য কলকাতার ই-মলে সেই সময় কেনাকাটা করছিলেন হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা স্বপন ঘোষ। তিনি বলেন, “দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ মনে হল চারপাশটা নড়ছে। প্রথমে বুঝতে পারিনি। পরে অন্যরাও বলতে শুরু করেন। অনেকে তখন মলের বাইরে বেরিয়ে যান।”

এদিকে শুধু মায়ানমারেই নয়, এই কম্পনের প্রভাব বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার একাধিক এলাকাতেও অনুভূত হয়েছে বলে আন্তর্জাতিক সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতেই সোমবার গভীর রাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প হয়। ভারতের ভূতত্ত্ব সর্বেক্ষণ দফতর (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) জানায়, সেই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬। যদিও সেখানেও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

প্রসঙ্গত, গত বছর একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠেছিল কলকাতা ও রাজ্যের বিভিন্ন অংশ। ২০২৫ সালের জানুয়ারিতে নেপালের গোকর্ণেশ্বরের কাছে লোবুচে অঞ্চলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়, যার প্রভাব পড়ে পশ্চিমবঙ্গ, বিহার, বাংলাদেশ, চিন ও ভুটান পর্যন্ত। পরে ২১ নভেম্বর সকালেও কলকাতা-সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছিল। সেই সময় বাংলাদেশের নরসিংদী এলাকার কাছে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.