TMCP এর প্রতিষ্ঠা দিবসে, স্মৃতিচারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । নিজের ছাত্র জীবনের সময়কার আন্দোলনের কথা বলতে গিয়ে আবেগ প্রবণ হয়ে পড়লেন তৃণমূল সুপ্রিমো । ছাত্র আন্দোলনের সময় , তাঁকে কিভাবে অত্যাচারিত হতে হয়েছিল , ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে , সেই কথাই বললেন তৃণমূল নেত্রী।
২৮ তারিখ , অর্থাৎ বৃহস্পতিবার মেয়ো রোডে সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মনে করলেন , পুরোনো ঘটনা । বলেন , “একটা ঘটনার কথা বলি। একবার একটা ঘটনায় আমাদের ধরে নিয়ে যাচ্ছিল। কোনওরকমে পালিয়ে আসি। বক্সিদা-রা ছিলেন। হঠাৎ দেখি দুটো ছাত্র পরিষদের ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে। ওদের থাপ্পড় মেরে উদ্ধার করে নিয়ে এসেছিলাম।” তারপরে নাকি , পাইপগান নিয়ে , দুষ্কৃতীরা তাড়া করেন তাঁদের । সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়রা প্রাণ বাঁচাতে , কোনরকমে আশ্রয় নিয়েছিলেন ভবানীপুরের এক রেস্তোরাঁয় ।
তারপর হাজরার অশান্তির কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী বলেন , “হাজরায় একবার আমার মাথায় মারল। দেখছি, রক্তে ভেসে যাচ্ছে। আমার মাথায় অপারেশন, ৪৬ টা সেলাই। ব্রেন অপারেশন হল। হাতের হাড় ভেঙে দিয়েছে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবী, তাঁর মাথা লক্ষ্য করে নাকি গুলিও চালানো হয়েছিল , কিন্তু ওই যে রাখে হরি তো মারে কে । কেউ একজন হাত তোলায়, সেদিন বরাতজোড়ে প্রাণ বেঁচেছিল মুখ্যমন্ত্রীর । তিনি এদিন স্পষ্টত জানিয়ে দেন , এত লড়াইয়ের পরেও কোনোদিন মানুষের হাত ছাড়েননি তিনি । এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ।







