২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে ভোটকর্মী ঘাটতি মেটাতে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পর্যাপ্ত সংখ্যক কর্মী না থাকায় প্রথম দফায় দায়িত্ব শেষ করা কর্মীদেরই পুনরায় দ্বিতীয় দফার ভোটে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কমিশনের নির্দেশ অনুযায়ী, EMMS সফটওয়্যারের মাধ্যমে নতুন নিয়োগপত্র জারি করা হবে। হাতে লেখা কোনও অর্ডার গ্রহণযোগ্য হবে না। মূলত কেন্দ্রীয় ও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের এক জেলা থেকে অন্য জেলায় পাঠানো হচ্ছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা দক্ষিণ, হাওড়া, নদিয়া ও হুগলি জেলায় সবচেয়ে বেশি কর্মী প্রয়োজন বলে জানা গিয়েছে।
তালিকা অনুযায়ী, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি ও মুর্শিদাবাদ থেকে উত্তর ২৪ পরগনায় বিপুল সংখ্যক কর্মী পাঠানো হচ্ছে। একইভাবে পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান থেকে দক্ষিণ ২৪ পরগনার ঘাটতি পূরণ করা হবে। নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রগুলির ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমন তেহট্ট ও ডোমজুড় কেন্দ্র।
কমিশন জানিয়েছে, এই বদলি প্রক্রিয়া সম্পূর্ণ সমন্বয়ের ভিত্তিতে জেলাশাসকদের মধ্যে আলোচনা করে করা হচ্ছে। প্রতিটি ভোটকর্মীর দ্রুত নিয়োগ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনও বিঘ্ন না ঘটে। দ্বিতীয় দফার ভোটকে নির্বিঘ্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।
সূত্রের খবর, ভোটের দিন নিরাপত্তা ও প্রশাসনিক সমন্বয় আরও জোরদার করা হচ্ছে। কমিশনের এই সিদ্ধান্তকে জরুরি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ ও সময়মতো সম্পন্ন হয় এবং কোনও বুথেই কর্মী সংকটের কারণে সমস্যা না হয়।







