টলিপাড়ার অন্দরে চলছিল গুঞ্জন! এইবার ঈশানের জন্মদিনে একাই উদযাপনের ছবি শেয়ার করে গুঞ্জন উস্কে দিলেন নুসরত জাহান। ছবিতে দেখা গেল ছেলের সঙ্গে পুলসাইডে সময় কাটাচ্ছেন তিনি, তবে ফ্রেমে যশের অনুপস্থিতি চোখে পড়ার মতো। তার পরদিনই গণেশ চতুর্থীর পূজোয় একা হাতে আয়োজন সামলালেন যশ দাশগুপ্ত। একসঙ্গে জন্মাষ্টমীর পূজো সেরে মাত্র কয়েক দিনের ব্যবধানেই কেন এই দূরত্ব—এ নিয়েই বাড়ছে প্রশ্নচিহ্ন। ইন্ডাস্ট্রির অন্দরে শোনা যাচ্ছে, যশ নাকি তাঁর প্রাক্তন ম্যানেজারের সঙ্গে দীর্ঘদিন ধরেই এক ছাদের তলায় থাকছেন। বিষয়টি সম্প্রতি নুসরতের কানে পৌঁছনোর পরই ভেঙে পড়েন তিনি। ঘনিষ্ঠ মহল দাবি করছে, সেই কারণেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।
অন্যদিকে, সোশাল মিডিয়ায় একে অপরকে আনফলো ও পরে ফের ফলো করা, আবার কখনও যশের পোস্টে নুসরতের লাইক—সবকিছুতেই মিলছে অদ্ভুত সংকেত। ‘রক্তবীজ ২’-এর আইটেম সং ঘিরে নায়িকার ঝড় তোলা নাচ এখন যেমন ভাইরাল, তেমনই তাঁর ব্যক্তিগত জীবনের ওঠাপড়াও যেন হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। সম্পর্কের টানাপোড়েন কি তবে শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়াবে? এই প্রশ্নের উত্তর আপাতত ভবিষ্যতের হাতেই। তবে আপাতত টলিপাড়ার করিডরে শোনা যাচ্ছে কেবল একটাই ফিসফাস—যশ-নুসরতের প্রেমের অধ্যায় কি তবে শেষের পথে?







