পুজোর উৎসবের আমেজ কাটতে না কাটতেই হাতে এল বাংলা ধারাবাহিকের এই সপ্তাহের টিআরপি রিপোর্ট। এবারের ফলাফল রীতিমতো চমকে দিয়েছে দর্শকদের। কারণ, দীর্ঘদিনের শীর্ষস্থান দখল করে রাখা ধারাবাহিকগুলি যেমন পিছিয়ে পড়েছে, তেমনই সকলকে টেক্কা দিয়ে এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে সেই ধারাবাহিক, যা সচরাচর খুব বেশি নম্বর পায় না। মাত্র ৬.১ রেটিং নিয়ে এই সপ্তাহে এক নম্বর স্থান দখল করে নিয়েছে আর্য-অপর্ণার জুটি অর্থাৎ ‘চিরদিনই তুমি যে আমার’। অন্যদিকে, চমক জাগিয়ে দীর্ঘদিন শীর্ষস্থানে থাকা ‘পরশুরাম আজকের নায়ক’ এবার ছিটকে গিয়েছে সেরা পাঁচের বাইরে।
টেলিভিশনের পর্দায় এই সপ্তাহে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘পরিণীতা’, যা পেয়েছে ৫.৯ রেটিং। তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’ (৫.৫ রেটিং) এবং চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ‘ফুলকি’ (৫.৪ রেটিং)। সেরা পাঁচের শেষ স্থানটি দখল করেছে ‘রাঙ্গামতী তীরন্দাজ’, যার রেটিং ৫.৩। দীর্ঘদিন শীর্ষস্থান ধরে রাখা ‘পরশুরাম আজকের নায়ক’ এবং ‘আমাদের দাদামণি’ যৌথভাবে ৫.১ রেটিং নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। এই সপ্তাহে মধুমিতার ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’ প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। রেটিংয়ের এই পরিবর্তন বুঝিয়ে দিল, দর্শকরা এখন একটু অন্য স্বাদের কাহিনি দেখতে চাইছেন।







