দেশ

খুলিতে গুরুতর চোট, জরুরি অস্ত্রোপচার ক্যাপ্টেন স্মিতের! এখন কেমন আছেন ভারতীয় পাইলট?

ফ্লাইদুবাইয়ের বিমানে কো-পাইলটের হামলায় গুরুতর আহত ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের চিকিৎসা চলছে। তাঁর মাথায় গুরুতর চোটের কারণে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

ঘটনার সময় দুবাই থেকে তেল আভিভগামী বিমানটি পরিচালনা করছিলেন ক্যাপ্টেন স্মিত। অভিযোগ, বিমানের কো-পাইলট আল হামিমি ককপিটে হামলা চালান এবং স্মিতকে গুরুতরভাবে আহত করেন। আহত অবস্থাতেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ভারতীয় পাইলট। শেষ পর্যন্ত ককপিটের দরজা খোলার পর ক্রু সদস্য ও যাত্রীরা অভিযুক্ত কো-পাইলটকে নিয়ন্ত্রণে আনেন।

এরপর সৌদি আরবের তাবুকের প্রিন্স সুলতান বিন আব্দুলাজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করানো হয়। সেখানেই ক্যাপ্টেন স্মিতের প্রাথমিক চিকিৎসা শুরু হয়।

চিকিৎসা সূত্রে খবর, মাথায় গুরুতর চোটের পাশাপাশি শরীরের আরও কয়েকটি অংশেও আঘাত রয়েছে তাঁর। মাথার খুলিতে ফ্র্যাকচারের কারণে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। সৌদি আরবেই প্রাথমিক অস্ত্রোপচারের পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।

বর্তমানে সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন ৩৮ বছর বয়সি এই পাইলট। পরিবারের সদস্যদের তাঁর সঙ্গে দেখা করার অনুমতিও দেওয়া হয়েছে। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার উপর নিয়মিত নজর রাখছেন।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও ভিডিয়োকলে কথা বলেছিলেন ক্যাপ্টেন স্মিত। সেই কথোপকথনে তিনি বিমানের ভিতরে ঘটে যাওয়া ঘটনার বিবরণও জানিয়েছিলেন।

তবে এই মুহূর্তে চিকিৎসার পরবর্তী ধাপ এবং সম্পূর্ণ সুস্থ হতে কতটা সময় লাগবে, তা চিকিৎসকদের পর্যবেক্ষণের উপরই নির্ভর করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.