রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন ফেললেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ১৯৯৩ সালে কিষাণগড় থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে বিধানসভায় প্রবেশ করেছিলেন তিনি। বহু বছর পর ফের শিরোনামে উঠে এলেন অন্য এক কারণে। সূত্রের খবর, রাজস্থান বিধানসভায় প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশনের আবেদন জমা দিয়েছেন ৭৪ বছর বয়সী ধনখড়। নিয়ম মেনে এই আবেদন গৃহীত হলে তিনি মাসে প্রায় ৪২ হাজার টাকা পাবেন। বিধানসভার স্পিকার বাসুদেব দেবনানি নিশ্চিত করেছেন যে আবেদনপত্র জমা পড়েছে এবং প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। রাজস্থানে বিধায়ক ও সাংসদ উভয় পদে থাকা ব্যক্তিরা একসঙ্গে একাধিক পেনশন পাওয়ার অধিকারী—ফলে ধনখড়ের দাবি ঘিরে আরও কৌতূহল বাড়ছে।
উল্লেখযোগ্যভাবে, কয়েক সপ্তাহ আগেই শারীরিক অসুস্থতার কারণে উপরাষ্ট্রপতির পদ ছেড়েছিলেন ধনখড়। রাষ্টপতি দ্রৌপদী মুর্মুকে পদত্যাগপত্র পাঠিয়ে তিনি রাজনীতি ও আমলাতন্ত্রে ঝড় তুলেছিলেন। বিরোধীরা তখনই প্রশ্ন তুলেছিলেন—আসলে কী ঘটছে ধনখড়ের জীবনে? কংগ্রেস ছেড়ে বহু দূর আসা এই নেতা হঠাৎ করেই কেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে সুবিধা দাবি করছেন, তা নিয়ে গুঞ্জন তীব্র হচ্ছে। একদিকে তাঁর পদত্যাগ ঘিরে রহস্য, অন্যদিকে বিধানসভায় পেনশনের জন্য আবেদন—রাজনীতির অন্দরে এই দুই ঘটনার মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। ফলে ধনখড়কে ঘিরে ফের তৈরি হয়েছে রাজনৈতিক কৌতূহলের ঘনঘটা।







