দক্ষিণী সিনেমা জগতের অন্যতম শক্তিশালী পরিবারে নেমে এসেছে গভীর শোক। শনিবার সকালে প্রয়াত হলেন দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুনের ঠাকুমা আল্লু কনকারত্নম দেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি।
মুম্বইতে শুটিংয়ের ব্যস্ততায় ছিলেন আল্লু আর্জুন। দুঃসংবাদ পৌঁছাতেই তিনি কাজ ফেলে তড়িঘড়ি রওনা দেন হায়দরাবাদের পথে। একইভাবে সিনেমার শুটিং বাতিল করে রওনা দিয়েছেন তাঁর তুতোভাই, জনপ্রিয় অভিনেতা রামচরণ।
পরিবার সূত্রে খবর, আল্লু কনকারত্নম দেবীর মরদেহের শেষকৃত্য শনিবার দুপুরে সম্পন্ন হবে হায়দরাবাদের কোকাপেটে। ইতিমধ্যেই শেষকৃত্যের আয়োজন করছেন প্রযোজক আল্লু অরবিন্দ ও অভিনেতা চিরঞ্জিবী।
আল্লু পরিবারের এই অপূরণীয় ক্ষতিতে শোকাহত সমগ্র দক্ষিণী চলচ্চিত্র মহল। অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে ভক্তরা— সকলে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানিয়েছেন।
আল্লু আর্জুন ও রামচরণের উপস্থিতিতেই আজ সম্পন্ন হবে পরিবারের প্রবীণতম সদস্য আল্লু কনকারত্নম দেবীর শেষকৃত্য।







