বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি। তার আগেই ফের প্রকাশ্যে এল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল। রাজারহাট লস্করআটির এক রক্তদান শিবিরে কার্যত রক্তারক্তি কাণ্ড ঘটে গেল রবিবার। উপস্থিত ছিলেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তাঁর সামনেই তাঁর অনুগামী দুই শিবিরের সংঘর্ষে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
স্থানীয় সূত্রে খবর, রাজারহাট লস্করআটি এলাকায় দীর্ঘদিন ধরেই তৃণমূলের দুই গোষ্ঠীর প্রভাব বিস্তারের লড়াই চলে আসছে। একদিকে বাহার আলি লস্কর, অন্যদিকে ইজাজুল হক ওরফে কালো। রবিবার ‘লস্করহাটি যুবক বৃন্দ’-এর আয়োজিত রক্তদান শিবির ঘিরে ফের প্রকাশ্যে আসে সেই বিরোধ। অনুষ্ঠানের শুরুতেই দুই গোষ্ঠীর মধ্যে তর্ক-বিতর্ক চরমে ওঠে। ক্রমে তা ধস্তাধস্তি থেকে চেয়ার ছোড়াছুড়িতে গড়ায়।
উত্তেজনা থামাতে মঞ্চে ওঠেন তৃণমূল নেতা সাবির আলি মণ্ডল। তাঁর অনুরোধ— “এটা সব্যসাচী দত্তর প্রোগ্রাম। আমরা তৃণমূল করি মাথা উঁচু করে। বহিরাগতরা এসে গোলমাল করলে সহ্য করা হবে না।” শান্তির বার্তা দেন সব্যসাচী দত্তও। তিনি বলেন, “ভাইয়ে-ভাইয়ে মাঝে মধ্যে মতবিরোধ হয়। আমি কারও পক্ষে নই, কারও বিপক্ষেও নই। কালো আর বাহার যেরকম ছিল, সেরকমই থাকবে।” তবে পরিস্থিতি তাতে শান্ত হয়নি।
শেষমেশ টেকনো সিটি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সব্যসাচীর উদ্যোগে মঞ্চেই বাহার আলি ও ইজাজুল হকের মধ্যে করমর্দন করানো হয়। যদিও সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান পুরসভার চেয়ারম্যান।
ঘটনাটি ঘিরে তীব্র কটাক্ষ বিরোধীদের। উত্তর শহরতলির বিজেপির সহ সভাপতি স্বপন রায়চৌধুরীর মন্তব্য, “এ তো সবে শুরু। ২০২৬-এর নির্বাচন যত ঘনিয়ে আসবে, এইসব ঘটনা আরও বাড়বে। সবটাই টাকা নিয়ে—তোলাবাজি আর কাটমানি। সব্যসাচী দত্তই এদের বড় তোলাবাজ।”
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বিধানসভা নির্বাচনের মুখে এ ধরনের সংঘর্ষ তৃণমূলের অস্বস্তি বাড়াতে বাধ্য।







