বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই উত্তর ২৪ পরগনার বনগাঁয় চড়ছে রাজনৈতিক পারদ। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দেবদাস মণ্ডলের প্রকাশ্য হুমকি ঘিরে শুরু হয়েছে তীব্র তরজা। তাঁর বক্তব্য, “তৃণমূল যদি কোনও বিজেপি কর্মীর গায়ে হাত দেয়, ডান্ডা দিয়ে হাঁটুর মালা ভেঙে দেওয়া হবে। কেসের টাকা আমি দেব। ভয় পাবেন না কেউ।”
দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া এবং কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়। প্রকাশ্যে এই দাওয়াই দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের মন্তব্যে অনড় থাকেন দেবদাসবাবু। তাঁর কথায়, “আপনাকে কেউ মারলে কি ফুল ছেটাবেন? মারের বদলা মারই হবে।”
তৃণমূল অবশ্য পাল্টা আক্রমণে নামিয়েছে। বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস কটাক্ষ করে বলেন, “যে বলছে, তার নিজেরই তো হাঁটুর মালাইচাকি নেই। বিজেপি ওকে মালাইচাকি খুলে ফেরত পাঠিয়েছে। শুধুমাত্র মিডিয়ায় ভেসে থাকার জন্য এ ধরনের মন্তব্য।”
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও দেবদাস মণ্ডলের মন্তব্যে সুর মিলিয়েছেন। তাঁর বক্তব্য, “আমি আরেক গাল পেতে দেওয়ার পক্ষে নই। এক গালে মারলে তারও উত্তর দিতে হবে। দেবদাস মণ্ডল সঠিক কথাই বলেছেন।”
তৃণমূলের তোপ, “এমন মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে হওয়া দুঃখজনক। এর জবাব মানুষ ২০২৬ সালে দেবে।”
ভোটের ঢাকে কাঠি পড়তে এখনও কয়েক মাস বাকি। কিন্তু এখন থেকেই হুমকি-হুঁশিয়ারির সুর চড়তে শুরু করেছে বনগাঁয়। রাজনৈতিক মহলের প্রশ্ন—আগামীর ভোটযুদ্ধে পরিস্থিতি আরও কতটা উত্তপ্ত হতে চলেছে?







