নিজস্ব সংবাদদাতা : আবারও জামিনের আবেদন অনুব্রত মন্ডলের । আজ, বৃহস্পতিবার ফের দিল্লির রাউস অ্য়াভিনিউ কোর্টে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই জামিনের আবেদন করেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা কেস্ট । সূত্রের খবর , আগামী ২৩ মে এই জামিনের আবেদনের শুনানি হবে। উল্লেখ্য, ইডির হাতে গ্রেফতার হয়ে দিল্লি যাওয়ার পর থেকেই অনুব্রত মন্ডল শারীরিক অসুস্থতার কথা বলেছিলেন । তিনি এই সপ্তাহের সোমবারই অসুস্থ হয়ে পড়েছিলেন । তাঁর শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা বেড়েছিল এমনটাই জানিয়েছিলেন তিনি । তার স্বাস্থ্য় পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে ।
গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মন্ডলের বর্তমান ঠিকানা তিহাড় জেল। তিনি ৭ নম্বর সেলে রয়েছেন । একই জেলে ,৬ নম্বর সেলে রয়েছে তাঁর কন্যা সুকন্যা মন্ডলও । উল্লেখ্য , গত সপ্তাহেই বাবা-মেয়ের সাক্ষাৎ হয়েছিল । সূত্র মারফত খবর , চলতি সপ্তাহের সোমবারই ভার্চুয়াল মাধ্যমে নিজের আইনজীবীর সঙ্গে ৩০ মিনিট কথা বলেন কেষ্ট। সেই বৈঠকে কীভাবে জামিন পাওয়া যাবে, তা নিয়ে শলা-পরামর্শ করেন। জানা গিয়েছিল, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অনুব্রতর আইনজীবী তাঁকে আদালতে আবেদন করতে বলেছিলেন। তার প্রেক্ষিতেই এ দিনের জামিনের আবেদন বলে মনে করা হচ্ছে। সূত্র খবর, অনুব্রত মন্ডলের মেডিক্যাল রিপোর্টকে হাতিয়ার বানাচ্ছেন তাঁর আইনজীবীরা।
অনুব্রত মন্ডল গ্রেফতারির পর থেকেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একাধিকবার জামিনের আবেদন জানিয়েছেন । কিন্তু তাতে কোনো লাভ হয়নি । তিনি চলতি সপ্তাহে আবারও একবার অসুস্থ হয়ে পড়ার পর আজ ফের আদালতে জামিনের আবেদন করলেন রাউস অ্যাভিনিউ আদালতে। আগামী ২৩ মে এই আবেদনের শুনানি হবে ।







