আবহাওয়া

বসন্তের আকাশে বৃষ্টির ছিটে, তবু কমবে না গরমের দাপট? কেমন থাকবে আবহাওয়া জেনেনিন

দোলের রং মুছতে না মুছতেই বাংলার আবহাওয়ায় নতুন মোড়। দিনের বেলায় বাড়ছে রোদের তেজ, আর তার মাঝেই সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বসন্তের আবহে এই বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও গরম কমার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার রাত থেকেই রাজ্যে হাওয়ার গতিপ্রকৃতিতে বদল আসতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তর। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছিল। তবে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ আজ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার সেই বৃষ্টির পরিধি বাড়তে পারে—পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলিতে।

এই পরিবর্তনের পেছনে রয়েছে একাধিক আবহাওয়াগত কারণ। উত্তর-পূর্ব অসমের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। ওড়িশা থেকে বিদর্ভ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা দক্ষিণ ছত্রিশগড়ের উপর দিয়ে গিয়েছে। পাশাপাশি জম্মু-কাশ্মীর সংলগ্ন অঞ্চলে সক্রিয় হয়েছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা, এবং শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। এই সব কিছুর মিলিত প্রভাবেই সপ্তাহান্তে বাংলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

তবে বৃষ্টি হলেও তাপমাত্রায় বড়সড় পতনের সম্ভাবনা নেই। বরং বৃষ্টির আগে ও পরে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। শীতের আমেজ এখন কার্যত অতীত।

উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ অর্থাৎ বুধবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। শুক্রবার সেই তালিকায় যুক্ত হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ার। তবে শনিবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে গিয়ে টানা কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকার ইঙ্গিত রয়েছে।

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ পৌঁছেছে ৩৩ ডিগ্রির কাছাকাছি। আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি এবং সর্বোচ্চ ৩২ থেকে ৩৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.