রাজ্য

“দু’দিনের অজুহাত, আসলে এক মাস! পুলিশের কথাতেই নামল প্যান্ডেল, কড়া বার্তা সেনার”

ধর্মতলার ময়দানে তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের মঞ্চ ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। সেনাবাহিনীর উদ্যোগে অস্থায়ী প্যান্ডেল ভেঙে ফেলার ঘটনায় রাজ্য রাজনীতি রীতিমতো সরগরম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ তুলেছেন—বিজেপির নির্দেশেই সেনাকে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে সেনার দাবি, নিয়ম ভঙ্গের ফলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইস্টার্ন কমান্ড জানিয়েছে, ময়দানের মতো সেনা-নিয়ন্ত্রিত এলাকায় সর্বোচ্চ দু’দিনের অনুমতি পাওয়া যায়। তার বেশি হলে প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষ অনুমতি নিতে হয়। অথচ দু’দিনের অনুমতি নিয়ে তৃণমূলের মঞ্চ একটানা প্রায় এক মাস ধরে দাঁড়িয়ে ছিল। বারবার সতর্ক করার পরও আয়োজকরা ব্যবস্থা নেননি। শেষমেশ কলকাতা পুলিশের উপস্থিতিতে সেনার পক্ষ থেকে মঞ্চ সরানো হয়।

ঘটনার পর মুখ্যমন্ত্রী নিজে পৌঁছে সেনার ভূমিকার কড়া সমালোচনা করেন। তাঁর বক্তব্য, “প্রায় ২০০ সেনা আমাকে দেখে পালাচ্ছিল। আমি স্পষ্ট বলেছি, সেনার বিরুদ্ধে আমি নই, ওরা দেশের গর্ব। এটা বিজেপি আর প্রতিরক্ষা মন্ত্রকের কাজ। রাজনৈতিক উদ্দেশ্যে মঞ্চ ভাঙা হয়েছে।” বাংলার ভাষা ও সংস্কৃতিকে আক্রমণ করা হলে রাজ্য চুপ করে বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তৃণমূলের দাবি, অনুমতি নিয়েই মঞ্চ বাঁধা হয়েছিল। যদি কোনও সমস্যা থাকত, সরাসরি রাজ্য সরকার বা কলকাতা পুলিশকে জানানো যেত। অথচ বিনা নোটিশেই হঠাৎ মঞ্চ ভাঙা হল—এটিকে মুখ্যমন্ত্রী “অনৈতিক পদক্ষেপ” বলে আখ্যা দেন।

অন্যদিকে সেনার পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে, কলকাতা পুলিশকে আগেভাগেই জানানো হয়েছিল। অনুমতি ছাড়া দীর্ঘদিন ধরে অস্থায়ী কাঠামো দাঁড়িয়ে থাকার কারণেই ব্যবস্থা নিতে হয়েছে।

তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থান থেকে সরে আসতে রাজি নন। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “ভাষা আন্দোলন এভাবে থামানো যাবে না। যত বাধা আসবে, আমরা তত জোরে আন্দোলন করব। অত্যাচার বাড়লেই বিজেপি দেশ থেকে মুছে যাবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.