বিনোদন

জাতীয় পুরস্কারে শাহরুখ, অথচ ইতিহাস গড়েছিলেন উত্তম কুমার! ৫৮ বছর আগের গর্ব আজও অম্লান

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেলেন বলিউড বাদশা শাহরুখ খান। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবিতে তাঁর দ্বৈত চরিত্রে অভিনয় নজর কেড়েছে দেশজুড়ে, যার স্বীকৃতি মিলল জাতীয় পুরস্কারের মঞ্চে।

এই পুরস্কার পেয়ে শাহরুখ বলেন, “১৯৯২ সালে কেরিয়ার শুরু করেছিলাম, ৩৩ বছর পর এই সম্মান পেলাম। এটা বিশেষ অনুভূতি।”

কিন্তু ঠিক এই মুহূর্তেই স্মরণে আসে আর এক কিংবদন্তি— বাঙালির গর্ব মহানায়ক উত্তমকুমার। কারণ তিনিই ছিলেন ভারতের ইতিহাসে প্রথম জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা। সালটা ১৯৬৭।

তখন অবশ্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ নাম ছিল না। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার হিসেবে দেওয়া হতো “ভরত পুরস্কার” এবং শ্রেষ্ঠ অভিনেত্রী পেতেন “উর্বশী পুরস্কার”। সেই বছর দুটি ছবির জন্য একসঙ্গে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জেতেন উত্তমকুমার— সত্যজিৎ রায়ের ‘চিড়িয়াখানা’ এবং সুনীল বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘অ্যান্টনি ফিরিঙ্গী’।

এই সম্মান তখন উত্তমকুমার কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীন পান, যখন তিনি বছরে একাধিক সুপারহিট ছবি উপহার দিচ্ছেন। বিপরীতে, শাহরুখ খান আজকাল বছরে এক-দু’টি ছবাই করেন, তবুও পেয়েছেন বহুল আকাঙ্ক্ষিত এই জাতীয় পুরস্কার।

প্রথম সারির নিউজ পোর্টাল দ্য ওয়াল- কে দেওয়া সাক্ষাৎকারে, প্রখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের পুত্র গৌতম বন্দ্যোপাধ্যায় জানান, “চিড়িয়াখানা’ ছবিটি নিয়ে সত্যজিৎ রায় নিজেই খুব খুশি ছিলেন না। বরং ‘অ্যান্টনি ফিরিঙ্গী’ ছিল উত্তমকুমারের অন্যতম সেরা অভিনয়। তাই জুরি দুটো ছবিকেই বিবেচনায় নিয়ে তাঁকে সম্মানিত করেন।”

তিনি আরও জানান, সেই ঐতিহাসিক জয়ের পর গ্র্যান্ড হোটেলে এক জমকালো পার্টির আয়োজন করেছিলেন উত্তমকুমার। যদিও তাতে সুচিত্রা সেন উপস্থিত ছিলেন না।

কিন্তু ১৯৬৭ সাল শুধু সাফল্যের নয়, ট্র্যাজেডিরও বছর ছিল উত্তমের জন্য। তাঁর প্রথম হিন্দি প্রযোজনা ‘ছোট সি মুলাকাত’ বিপর্যয়করভাবে ফ্লপ করে, এবং সেই হতাশার ধাক্কা সহ্য করতে না পেরে প্রথম হৃদরোগে আক্রান্ত হন উত্তমকুমার। পরবর্তী সময়ে তাঁর পাশে দাঁড়ান সুপ্রিয়া দেবী।

তারপর আবার ঘুরে দাঁড়িয়ে ১৯৭৫ সালে ‘অমানুষ’ ছবির মাধ্যমে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও প্রভাব বিস্তার করেন উত্তম।

আজ শাহরুখ যখন জীবনের ৩৩ বছরের মাথায় জাতীয় সম্মান পেলেন, তখন বাঙালির গর্বের ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকেন সেই মানুষ, যিনি প্রথমবার জাতীয় পুরস্কারের মুকুট পরেছিলেন।

উত্তমকুমার — ম্যাটিনী আইডলের বাইরেও এক অনন্য ইতিহাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.