বিনোদন

‘প্রফেসর সেনগুপ্ত’-র গল্পে রহস্যের আবরণ! টেলিভিশন ছেড়ে ডিজিটাল প্ল্যাটফর্মে পা দীপান্বিতার

অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত এবার ওয়েব সিরিজের মাধ্যমে নতুন ইনিংস শুরু করতে চলেছেন। ছোটোপর্দায় নেতিবাচক চরিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর কেরিয়ারের যাত্রা শুরু হলেও, ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দর্শকদের মন জয় করেছিলেন তিনি। পরে ‘তুঁতে’ ধারাবাহিকেও নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যায় তাঁকে। তবে দীর্ঘদিন ধরেই টেলিভিশনের পর্দা থেকে দূরে ছিলেন তিনি। এই বিরতির পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মে পা রাখছেন দীপান্বিতা। তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘প্রফেসর সেনগুপ্ত’ মুক্তি পেতে চলেছে আগামী জুলাই মাসে, ক্লিক OTT প্ল্যাটফর্মে।

‘প্রফেসর সেনগুপ্ত’ সিরিজের মূল চরিত্র ডঃ অনির্বাণ সেনগুপ্ত, একজন সাইকোলজি প্রফেসর, যিনি পাহাড়ঘেরা এক শান্ত এলাকায় একা থাকেন। মাঝে মাঝে তাঁর আদরের ছোট মেয়ে তিন্নি আসে, যার সঙ্গে সময় কাটানোই তাঁর আনন্দ। এই শান্ত জীবন ভেঙে পড়ে, যখন জঙ্গলে একটি যুবকের মৃতদেহ পাওয়া যায়। প্রথমে মনে হয় দুর্ঘটনা, কিন্তু ময়নাতদন্তে উঠে আসে এটি একটি খুন। তদন্তে নামে অফিসার রজত, যিনি জানতে পারেন, মৃত যুবক অনির্বাণের প্রাক্তন ছাত্র ও ঘনিষ্ঠ ছিল। তদন্তের মোড় ঘুরে যায়, যখন তিন্নি জানায়, সে অনি আঙ্কেলের ফ্রিজে একটি কাটা কান দেখেছে। অনির্বাণ দাবি করেন, তা সিলিকনের তৈরি পুতুলের অংশ। কিন্তু ফরেনসিক রিপোর্টে উঠে আসে একটি ভয়ংকর তথ্য, এক মহিলার খণ্ডিত দেহের সঙ্গে মিল রয়েছে সেই কানের। রজত এবার সার্চ ওয়ারেন্ট নিয়ে পৌঁছয় অনির্বাণের বাড়িতে। তারপর? জানতে হলে দেখতে হবে ‘প্রফেসর সেনগুপ্ত’।

এই থ্রিলার ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন রাজদীপ ঘোষ। মুখ্য ভূমিকায় রয়েছেন জয় সেনগুপ্ত, দীপান্বিতা রক্ষিত, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, অনুজা রায় এবং জিৎ সুন্দর চক্রবর্তী। সিরিজটি নিয়ে উচ্ছ্বসিত দীপান্বিতা জানান,”এটাই আমার প্রথম ওয়েব সিরিজ। ক্লিক-এর মতো একটি মানসম্মত প্ল্যাটফর্মে কাজের সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত ও কৃতজ্ঞ। আমার সহ-অভিনেতারা অত্যন্ত সহযোগিতাপরায়ণ ছিলেন। ক্লিক পরিবারের অংশ হতে পেরে আমি সত্যিই গর্বিত।” দর্শকদের কাছে এখন একটাই অপেক্ষা, ‘প্রফেসর সেনগুপ্ত’ মুক্তি পাক, আর রহস্যের জট একে একে খুলে ধরা পড়ুক পর্দায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.