পুরুষদের টেনিসে রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জোকোভিচকে এবার দেখা গেল এক অন্য ভূমিকায়। তাঁর দেশ সার্বিয়ার স্কুলপড়ুয়াদের অভুক্ত থাকা আটকাতে তিনি এক বিশাল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। সার্বিয়ার ২২টি স্কুলের শিশুদের মধ্যাহ্নভোজের (মিড ডে মিল) যাবতীয় খরচ বহন করছেন টেনিসের এই কিংবদন্তি। সার্বিয়ায় সরকারিভাবে শিশুদের স্কুল খাবারের খরচ বহন করা হয় না। সেখানে এই গুরুদায়িত্ব পালন করতে জোকোভিচ এ পর্যন্ত প্রায় ৬ কোটি টাকা খরচ করেছেন। এই অর্থ নোভাক এবং তাঁর পুত্র স্টেফানের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যয় করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত সার্বিয়ায় বড় হওয়ার কারণে জোকোভিচ ভালোভাবে জানেন যে শিশুদের সঠিক শারীরিক ও মানসিক বিকাশের জন্য পর্যাপ্ত পুষ্টিকর খাবার কতটা জরুরি। এই উপলব্ধি থেকেই তিনি এই মানবিক উদ্যোগ নিয়েছেন।
ব্যক্তিগত সাফল্যকে ছাপিয়ে গেল এই তৃপ্তি
জোকোভিচ নিজে এই কাজটিকে তাঁর গ্র্যান্ড স্ল্যাম জেতার চেয়েও অনেক বড় সাফল্য বলে মনে করেন। তিনি বলেন
“আমি যতগুলো গ্র্যান্ড স্ল্যাম জিতেছি, এই জয় তার চেয়ে অনেক বেশি আনন্দের এবং তৃপ্তিদায়ক। এক বছরে চারটি দেশে গ্র্যান্ড স্ল্যাম জেতাটা আমার ব্যক্তিগত অর্জন। কিন্তু ক্লাসে অভুক্ত থাকা একটি শিশুর মুখে খাবার তুলে দিতে পারার আনন্দ সবকিছুর ঊর্ধ্বে। এতেই আমি সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছি।”
৩৮ বছর বয়সী জোকোভিচ বর্তমানে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জিতে মার্গারেট কোর্টকে টপকে সর্বকালের সেরার তালিকায় শীর্ষে পৌঁছানোর ব্যক্তিগত লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছেন। গত বছর চারটি গ্র্যান্ড স্ল্যামেই সেমিফাইনালে পৌঁছেছিলেন তিনি, যদিও কার্লোস আলকারাজ, ইয়ানিক সিনার বা আলেকজান্ডার জেরেভের মতো খেলোয়াড়দের কাছে তাঁকে হার মানতে হয়। তবে ব্যক্তিগত সেই লড়াইয়ের পাশাপাশি শিশুদের মুখে হাসি ফোটানোর এই সামাজিক লড়াইয়ে ইতিমধ্যেই জিতে গিয়েছেন সার্বিয়ার এই মহান তারকা।







