প্রাচীন ভারতীয় ধর্মগ্রন্থ রামায়ণ কেবল একটি মহাকাব্য নয়, বরং আধ্যাত্মিক দিকনির্দেশের এক চিরন্তন উৎস। এই মহাকাব্যে ভগবান রামের জীবন, নীতি ও উপদেশাবলী বর্ণিত হয়েছে। তবে এর মধ্যেই রয়েছে এমন কিছু অংশ, যা আজকের সমাজে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
শাস্ত্রমতে, একবার মাতা সীতা ভগবান রামকে কলিযুগ সম্পর্কে প্রশ্ন করেন। জবাবে রাম যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা আজকের পৃথিবীর সঙ্গে অবিশ্বাস্যভাবে মিলে যাচ্ছে।
রামের বর্ণনা অনুযায়ী, কলিযুগে—
মানুষ অসৎ পথ বেছে নেবে, সত্য-সততার প্রতি আস্থা হারাবে।
লোভ, দুর্নীতি ও লালসা হবে সমাজের চালিকাশক্তি।
ক্ষমতাবানরা বিলাসে জীবন কাটাবে, অথচ সৎ মানুষরা অবহেলিত ও নিপীড়িত হবে।
নারী ও শিশুদের প্রতি সম্মান থাকবে না।
আইন কেবল ধনীদের স্বার্থ রক্ষা করবে।
বাবা-মা হবেন অবহেলিত, সন্তানরা তাঁদের একাকী ফেলে দেবে।
বিবাহের পবিত্রতা হারিয়ে যাবে, গুরু ও শিক্ষকদের সম্মান থাকবে না।
হিংসা-সন্ত্রাস বাড়বে, পানীয় জল হয়ে উঠবে দুর্লভ ও ব্যয়বহুল।
বর্তমান সমাজের নানা ঘটনা—বৃদ্ধাশ্রমে বাবা-মাকে রেখে আসা, নারী-শিশুদের উপর বাড়তে থাকা সহিংসতা, নীতি-নৈতিকতার অবক্ষয়—এসবই অনেককে মনে করিয়ে দিচ্ছে রামের সেই ভবিষ্যদ্বাণীর কথা।
শাস্ত্রকারদের দাবি, কলিযুগের অবসান ঘটবে ভগবান বিষ্ণুর কল্কি অবতার আগমনের মাধ্যমে। তিনি আবির্ভূত হবেন অশুভ শক্তির বিনাশ ঘটাতে এবং সত্য-ধর্মের প্রতিষ্ঠা করতে। ফলে, আজও বহু মানুষ সেই দিনের প্রতীক্ষায় রয়েছেন।







