অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ কিনে ফেরার পথে ভয়ঙ্কর হামলার শিকার হলেন বজবজের এক দিনমজুর। অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দু’জন মদ্যপ যুবক অশালীন মন্তব্য করলে প্রতিবাদ করেন তিনি। আর সেই প্রতিবাদই কাল হয়ে দাঁড়ায় এসকে আয়ুব মঙ্গলের জীবনে।
অভিযোগ, যুবকরা রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক মারধর করে। এখানেই থেমে থাকেনি—পকেট থেকে বন্দুক বার করে চোখ ও কপালে আঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। চিকিৎসকদের কথায়, তাঁর এক চোখের ৯৯ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছে। হয়তো আর কখনও দেখতে পারবেন না, তবুও চোখ বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ডাক্তাররা।
পরিবারের দাবি, দিনমজুর আয়ুবই সংসারের একমাত্র রোজগেরে। তিন সন্তানের দায়িত্ব তাঁর কাঁধে। অথচ অন্যায়ভাবে হামলা চালিয়ে প্রায় চোখ কেড়ে নেওয়া হয়েছে। বজবজ থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ জমা পড়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রাজিব ও ইফতিকারের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। আহতের পরিবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে। তাঁদের আক্ষেপ—একটি প্রতিবাদই তাদের পরিবারের অন্ধকার নামিয়ে আনল।







