সিনেমা দেখতে যাওয়া কি ফের সাশ্রয়ী হতে চলেছে? জিএসটি কাউন্সিলের সাম্প্রতিক বৈঠকে নেওয়া সিদ্ধান্ত যেন তাই ইঙ্গিত দিচ্ছে। ঘোষণা অনুযায়ী, ১০০ টাকার নিচের সিনেমার টিকিটে জিএসটি হার কমানো হল ১২ শতাংশ থেকে নামিয়ে মাত্র ৫ শতাংশে। ফলে সিঙ্গল স্ক্রিন থিয়েটারে যাঁরা এখনও সিনেমাকে একমাত্র বিনোদনের মাধ্যম হিসেবে ধরে রেখেছেন, তাঁদের জন্য এটি এক বিরাট স্বস্তির খবর। ছোট শহর, মফস্বল, এমনকি গ্রামের প্রেক্ষাগৃহগুলিও এই সিদ্ধান্তের ফলে নতুন করে দর্শক টানতে পারবে বলেই আশা। বিশেষজ্ঞদের মতে, এতে একদিকে খরচ কমবে দর্শকের, অন্যদিকে ব্যবসায় জোয়ার আসবে হলমালিকদের জন্য।
তবে বিলাসবহুল মাল্টিপ্লেক্স বা প্রিমিয়াম হলে এখনও রেহাই নেই। ১০০ টাকার বেশি দামের টিকিটে আগের মতোই ১৮ শতাংশ কর প্রযোজ্য থাকবে। উল্লেখযোগ্যভাবে, মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (MAI) সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল, ৩০০ টাকা পর্যন্ত দামের টিকিটেও ৫ শতাংশ করের নিয়ম আনার জন্য। তাঁদের যুক্তি, এতে দর্শক বেড়ে গেলে মাল্টিপ্লেক্সও চাঙ্গা হবে, এবং ছোট শহরে নতুন বিনোদন পরিকাঠামো গড়ে উঠবে। যদিও আপাতত সেই দাবি গৃহীত হয়নি। ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই নতুন করনীতি, যা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এক গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। কারণ কোভিড-পরবর্তী সময়ে, বছরে ১৫,০০০ কোটি টাকারও বেশি রাজস্ব আয়কারী ভারতীয় চলচ্চিত্রশিল্প OTT ও টেলিভিশনের দাপটে বেশ কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিল। এখন দেখার বিষয়—এই স্বস্তিদায়ক সিদ্ধান্ত বড়পর্দাকে কি সত্যিই ফিরিয়ে আনতে পারবে তার হারানো আসনে।







