বিনোদন

১১ বছর পর হীরা আম্মা ও ঝিলিক একসঙ্গে, দর্শকদের আবেগে ভাসাল পুনর্মিলন

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মা’-র নাম উঠলেই প্রথমেই মনে পড়ে যায় দুটি চরিত্রের কথা, হীরা আম্মা আর ঝিলিক। সেই সময়ে টিভি পর্দায় তাঁদের সম্পর্ক ছিল ভয়, বকাবকি আর নির্যাতনের। কিন্তু বাস্তবে ছবিটা ছিল সম্পূর্ণ উল্টো। আজ, ১১ বছর পর, আবার একসঙ্গে দেখা গেল অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায় (হীরা আম্মা) ও তিথি বসুকে (ঝিলিক)। আর সেই মুহূর্তে নস্টালজিয়ায় ভেসে গেল দর্শকরা।

হাতে ভারী বালা, চোখে মোটা কাজল আর কঠিন চেহারায় হীরা আম্মাকে মনে রেখেছেন সকলে। শিশুপাচার চক্রের সঙ্গে যুক্ত এক নিষ্ঠুর চরিত্র, যে চুরি করেছিল ছোট্ট ঝিলিককে। বড়ো পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছিল ঝিলিক। সেই চরিত্রের নির্মমতা এতটাই প্রভাব ফেলেছিল যে অনেক বাবা-মা তাঁদের সন্তানকে খাওয়াতে হীরা আম্মার ভয় দেখাতেন। কিন্তু অভিনয়ের বাইরের জীবনে সোমা ছিলেন সম্পূর্ণ আলাদা। তিথিকে নিজের মেয়ের মতোই আগলে রেখেছিলেন তিনি।

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, ঝিলিককে জড়িয়ে ধরে আছেন হীরা আম্মা। পর্দার খলনায়িকা এখানে মিশে গেছে এক মমতাময়ী মায়ের ভূমিকায়। দীর্ঘ সময় পর দেখা হওয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েন দুজনেই। সোমা মজা করে বলেন,”ঝিলিক বিটুয়াকে কি এখন বকাবকি করব! না, শুধুই আদর।” শুধু তাই নয়, দুর্গাপুজো ঘিরে তাঁদের আড্ডাতেও উঠে আসে একটাই কথা, পুজোর দিনগুলো যেন বৃষ্টি না হয়।

দর্শকরা এই পুনর্মিলন দেখে উচ্ছ্বসিত। অনেকেই মন্তব্য করেছেন,”আবার কি তবে হীরা আম্মার বকাবকি শুরু হবে?” তবে আপাতত বকাবকি বা মারধর নয়, পর্দার বাইরের বাস্তব জীবনে শুধুই ভালোবাসা, স্নেহ আর পুরোনো দিনের স্মৃতির আবেশ। যদিও এখনো জানা যায়নি ভবিষ্যতে তাঁদের আবার একসঙ্গে কোনো প্রজেক্টে দেখা যাবে কি না। তবুও ১১ বছর পর এই মিলনমুহূর্ত টেলিভিশনপ্রেমীদের মনে নতুন করে জাগিয়ে তুলেছে ‘মা’ ধারাবাহিকের সোনালি স্মৃতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.