কলকাতার ফুটবলে নতুন রং ছড়াতে তৈরি তরুণ ডিফেন্ডার জয় গুপ্ত। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে এফসি গোয়া থেকে চার বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করলেন ২৩ বছরের এই ফুটবলার। কিছু দিন আগেই ডুরান্ড কাপের ডার্বির আগে তিনি কলকাতায় এসে দলের অনুশীলন শুরু করেছিলেন। তবে কাগজপত্রের জটিলতার কারণে আনুষ্ঠানিক ঘোষণা আটকে ছিল। মঙ্গলবার ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ চুক্তির খবর প্রকাশ্যে আনতেই সমর্থকদের উচ্ছ্বাস দ্বিগুণ হয়েছে।
বাঁ দিকের রক্ষণে আরও শক্তি আনতেই জয়কে দলে নিয়েছে লাল-হলুদ শিবির। লেফট ব্যাক কিংবা লেফট সেন্টার ব্যাক—দুটি পজিশনেই সমান দক্ষ জয়। গত দু’মরসুম এফসি গোয়ার হয়ে খেলার অভিজ্ঞতা তাঁর ঝুলিতে রয়েছে। ট্রান্সফার ফি প্রকাশ করা না হলেও শোনা যাচ্ছে, মোটা অঙ্কের বিনিময়ে জয়কে দলে টেনেছে ইমামি ইস্টবেঙ্গল। এবার লাল-হলুদের হয়ে ২৭ নম্বর জার্সি পরে মাঠে নামবেন তিনি।
ক্লাবের হেড অফ ফুটবল থংবোই সিংটো স্পষ্ট জানালেন, জয়কে দলে আনা ইস্টবেঙ্গলের রক্ষণভাগে বৈচিত্র্য আনবে। তিনি বলেন, “জয় দ্রুতগতির ডিফেন্ডার। ক্লাব এবং আন্তর্জাতিক স্তরে ওর দক্ষতা প্রমাণিত। ওর যোগদান ডিফেন্সকে নতুন মাত্রা দেবে।” একই সুর শোনা গেল কোচ অস্কার ব্রুজ়োর কণ্ঠেও। তিনি মনে করেন, জয় শুধু রক্ষণই নয়, প্রয়োজনে আক্রমণেও ভূমিকা রাখতে সক্ষম।
নিজের অনুভূতিও লুকোননি জয়। তিনি বলেন, “ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবে যোগ দেওয়া সম্মানের। এখানে খেলার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। সমর্থকদের মুখে হাসি ফোটানোই আমার লক্ষ্য।” পাশাপাশি কলকাতা ডার্বিতে লাল-হলুদ জার্সি গায়ে নামার জন্য তিনি মুখিয়ে আছেন। জয় যোগ দেওয়ায় রক্ষণে যেমন ভরসা বাড়ছে, তেমনি সমর্থকদের প্রত্যাশাও আকাশছোঁয়া।







