স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে আদালতে জট যেন কাটছেই না। তাই ফের অযোগ্যদের নিয়ে স্পষ্ট বার্তা শোনালো সুপ্রিম কোর্ট। অযোগ্য প্রার্থীদের কোনো ভাবেই সুযোগ পাবে না বলে কড়া নির্দেশ দেশের শীর্ষ আদালতের। শুক্রবার বিকাশ পাত্র নামে এক প্রার্থীর আবেদন খারিজ করে দেয় বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ।
বিকাশ পাত্র নিজেকে যোগ্য প্রার্থী দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে ডিভিশন বেঞ্চের স্পষ্ট বার্তা , “আপনি অযোগ্য। আদালতের আর কিছু করার নেই।” যার ফলে আবেদনকারীর আর কোনও আইনি সুযোগ থাকছে না।
এদিন শুনানিতে অযোগ্য প্রার্থীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে কি না, সে বিষয়ে জানতে চান বিচারপতিরা। এর জবাবে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, সম্প্রতি ৭ই সেপ্টেম্বর নির্বিঘ্নে নিয়োগ পরীক্ষা হয়েছে, ১৪ তারিখ ফের পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি প্রার্থীদের টাকা ফেরত দেওয়ার কাজও এগোচ্ছে।
তবে এখানেই থেমে থাকেনি আদালত। বেঞ্চের তরফ থেকে স্পষ্ট জানানো হয়, এসএসসি প্রকাশিত অযোগ্য প্রার্থীদের তালিকায় স্বচ্ছতার ঘাটতি রয়েছে। বিভ্রান্তি তৈরি করছে সেই তালিকা। তাই কমিশনের ভূমিকায় অনেক গাফিলতি দেখা যাচ্ছে। তাই সেই নিয়ে দেশের সর্বোচ্চ আদালত একের পর এক প্রশ্নবাণ ছুড়ে স্কুল সার্ভিস কমিশনের দিকে।







