ভাদুরে ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। আর্দ্রতাজনিত অস্বস্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে সূর্যোদয়ের কিছুক্ষণ পর থেকেই রাস্তায় নামা দায়। রোদের তেজে হাঁসফাঁস অবস্থা। অথচ পরিসংখ্যান বলছে, চলতি বছরেই এখন পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।
তবু দক্ষিণবঙ্গের দুর্দশার মাঝেই আশার খবর দিয়েছে হাওয়া অফিস। আজ রবিবার থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস মিলেছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। এই জেলাগুলির জন্য ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা
অন্যদিকে, উত্তরবঙ্গের ৮টি জেলায় ভারী বর্ষণের সতর্কতা। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুই দিনাজপুর, মালদা, কোচবিহার, কালিম্পং ও দার্জিলিঙে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি নামতে পারে।
আবহাওয়ার কারণ
হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা ফের বাংলার উপর দিয়ে বিস্তৃত। শ্রীগঙ্গানগর, বরেলি, গোরখপুর, পাটনা, বাঁকুড়া হয়ে দীঘা পর্যন্ত তা বিস্তৃত হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। সিকিমের ঘূর্ণাবর্তও উত্তরবঙ্গ ও সংলগ্ন এলাকায় সক্রিয়। এদিকে, পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে হিমাচল প্রদেশের উপর।
রবিবার ও সোমবার সতর্কতা
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পূর্ব ও উপকূলীয় জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় বৃষ্টির মাত্রা তুলনামূলকভাবে বেশি হতে পারে।
সোমবার থেকে ফের দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুতসহ বৃষ্টি নামবে। সপ্তাহের শুরুতে বৃষ্টির ব্যাপকতা আরও বাড়তে পারে।







