দেশ

শুল্কের কাঁটা! ভারত-আমেরিকা সম্পর্কে তিক্ততার স্বীকারোক্তি ট্রাম্পের

ভারত-আমেরিকা সম্পর্ক শুল্ক ইস্যুতে তিক্ত হয়েছে—এ কথা এবার খোলাখুলি স্বীকার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, রাশিয়ার থেকে তেল কেনার জেরে ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপাতে বাধ্য হয়েছেন তিনি, আর তাতেই দুই দেশের সম্পর্কে “চিড় ধরেছে”।

ট্রাম্প বলেন, “দেখুন, ভারত রাশিয়ার অন্যতম বড় গ্রাহক ছিল। তাই আমি ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছি। এটা সহজ কাজ ছিল না, কিন্তু আমাকে তা করতেই হয়েছে। আসলে এটা শুধু আমেরিকার সমস্যা নয়, ইউরোপেরও সমস্যা।”

তবে একইসঙ্গে ট্রাম্পের মনোনীত ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্গিও গোর বৃহস্পতিবার জানিয়েছেন, ওয়াশিংটন চাইছে ভারত যেন রাশিয়ার থেকে নয়, বরং আমেরিকার কাছ থেকে তেল ও ক্রুড পণ্য কেনে। বাণিজ্যচুক্তি নিয়েও আলোচনায় বসেছে দুই দেশ।

প্রসঙ্গত, ২৫ শতাংশ থেকে দ্বিগুণ শুল্ক চাপানোর সিদ্ধান্তে প্রবল ক্ষোভ প্রকাশ করেছিল ভারত। নয়াদিল্লি জানিয়েছিল, এই সিদ্ধান্ত একেবারেই “অনৈতিক”। অন্যদিকে চিন ও রাশিয়া যখন ভারতের দিকে কূটনৈতিক সমর্থনের হাত বাড়াচ্ছে, তখন ফের নরম সুরে ট্রাম্প বারবার উল্লেখ করছেন দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা।

শুধু শুল্ক নয়, ভারত-পাকিস্তান সংঘাত নিয়েও নিজের কৃতিত্বের দাবি তুলেছেন ট্রাম্প। তাঁর দাবি, “আমি সাতটি বড় যুদ্ধ থামিয়েছি। ভারত-পাকিস্তানের যুদ্ধ থেকে শুরু করে কঙ্গো-রোয়ান্ডার মতো দীর্ঘস্থায়ী সংঘাতও আমার মধ্যস্থতায় শেষ হয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.