জম্মু-কাশ্মীরের আবহাওয়ার উন্নতি হতেই আবার শুরু হচ্ছে বৈষ্ণোদেবী যাত্রা। সব কিছু ঠিক থাকলে রবিবার থেকেই পুনরায় পুণ্যার্থীরা পদযাত্রায় অংশ নিতে পারবেন।
গত ২৬ অগস্ট ভয়ঙ্কর ধসের জেরে বৈষ্ণোদেবীর পথে মৃত্যু হয়েছিল ৩৪ জনের। আহত হয়েছিলেন অনেকে। অর্ধকুমারীর কাছে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে ধস নামার পরেই নিরাপত্তার স্বার্থে যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বৈষ্ণোদেবী মন্দির কমিটি ও প্রশাসন।
অগস্ট জুড়েই জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টি ও ধসের ফলে যাত্রাপথে একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছিল। পুণ্যার্থীদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে—এই আশঙ্কাতেই যাত্রা বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি জম্মু-শ্রীনগর জাতীয় সড়কও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
গত দু’সপ্তাহ ধরে আবহাওয়ার উন্নতি হয়েছে। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত মেরামত করেছে প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের সবুজ সংকেত দেওয়া হয়েছে বৈষ্ণোদেবী যাত্রায়।
প্রশাসন জানিয়েছে, পুণ্যার্থীদের নিরাপত্তায় সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে। রবিবার থেকেই ফের শুরু হবে বৈষ্ণোদেবীর পথে পদযাত্রা।







