ভারতের প্রথম বুলেট ট্রেন চালুর প্রস্তুতি এখন দ্রুতগতিতে এগোচ্ছে। মুম্বই-আমেদাবাদ হাই-স্পিড রেল করিডরের মহারাষ্ট্র অংশে বিশেষ করে থানে ও পালঘর জেলায় সমুদ্রতলবর্তী এলাকা, দুর্গম পাহাড়ি অঞ্চল, বিস্তীর্ণ নদী এবং ব্যস্ত জাতীয় সড়ক অতিক্রম করে পরিকাঠামো নির্মাণের কাজ জোরকদমে চলছে। ভৌগোলিকভাবে অত্যন্ত কঠিন এই অংশে আধুনিক প্রযুক্তি ও উন্নত ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ব্যবহার করে এলিভেটেড করিডর এবং রেলপথ তৈরির কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
থানের শীলফাটা থেকে মহারাষ্ট্র-গুজরাট সীমান্তের জারোলি গ্রাম পর্যন্ত প্রায় ১৩৫.৪৫ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড অংশে দিন-রাত কাজ চলছে। এর মধ্যে প্রায় ১২৪.০২৭ কিলোমিটার এলাকায় তৈরি হচ্ছে ভায়াডাক্ট এবং বড় আকারের উড়ালপথ। হাই-স্পিড রেলের নিরাপত্তা ও গতি বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত এবং স্থানীয় যান চলাচলে যাতে সমস্যা না হয়, সেদিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে।
মহারাষ্ট্রের এই অংশে তৈরি হচ্ছে তিনটি আধুনিক এলিভেটেড স্টেশন—থানে, ভিরার এবং বোইসর। থানে স্টেশনটি মাটি থেকে প্রায় ১২ মিটার উচ্চতায় নির্মাণ করা হচ্ছে। সেখানে যাত্রীদের জন্য আধুনিক পরিষেবা, স্বয়ংক্রিয় টিকিট ব্যবস্থা এবং বিভিন্ন পরিবহণ ব্যবস্থার সঙ্গে উন্নত সংযোগের সুবিধা থাকবে। পাশাপাশি পাহাড়ি টানেলের ভিতরে জল নিষ্কাশন ব্যবস্থা, ওয়াটারপ্রুফিং এবং স্থায়ী লাইনিং তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজও চলছে। মহারাষ্ট্র অংশে মোট সাতটি মাউন্টেন টানেল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
জাতীয় হাই-স্পিড রেল কর্পোরেশনের দেওয়া তথ্য অনুযায়ী, এই অঞ্চলে ইতিমধ্যেই ১০০ কিলোমিটারের বেশি পিয়ারের প্রাথমিক ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। আরও প্রায় ৭৪ কিলোমিটার অংশ পরবর্তী নির্মাণপর্বের জন্য প্রস্তুত। পাহাড়ি এলাকার পাশাপাশি বড় নদীগুলির উপর সেতু নির্মাণও এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।
উলহাস নদীর উপর তৈরি হচ্ছে ৪৬০ মিটার দীর্ঘ সেতু। বৈতরণী নদীর উপর নির্মাণ করা হচ্ছে ২.৩২ কিলোমিটার দীর্ঘ বিশাল সেতু। এছাড়া জজ্ঞানী নদীর উপর তৈরি হচ্ছে ৫১০ মিটার দীর্ঘ আরও একটি সেতু। সব মিলিয়ে মহারাষ্ট্র অংশে নদী, রাস্তা ও রেলপথ অতিক্রম করার জন্য ১২টি বিশেষ স্টিল ব্রিজ-সহ মোট ৩৬টি বড় ক্রসিং তৈরি করা হচ্ছে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কাজ পরিকল্পনামাফিক এগোলে ২০২৭ সালের ১৫ অগস্ট, স্বাধীনতা দিবসেই দেশের প্রথম বুলেট ট্রেনের পরিষেবা চালু হতে পারে। ৫০০ কিলোমিটারের বেশি দীর্ঘ মুম্বই-আমেদাবাদ করিডরটি একসঙ্গে চালু না করে ধাপে ধাপে যাত্রীদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রথম পর্যায়ে গুজরাটের সুরাট থেকে বিলিমোরা অংশে পরিষেবা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী পর্যায়ে ভাপি-সুরাট অংশটিকেও পরিষেবার আওতায় আনা হবে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে পুরো মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন করিডর চালু করার লক্ষ্য রয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৩২০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এই ট্রেন চালু হলে মুম্বই থেকে আমেদাবাদ যেতে সময় লাগবে মাত্র ১ ঘণ্টা ৫৮ মিনিট। এর ফলে মুম্বইয়ের সঙ্গে গুজরাটের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলির যোগাযোগ আরও দ্রুত ও সহজ হবে এবং দেশের পরিবহণ ও অর্থনীতিতে নতুন গতি আসবে বলেই মনে করা হচ্ছে।







