কর্মক্ষেত্র থেকে ব্যক্তিগত জীবন—প্রতিদিনই বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার। ট্রেন্ড মেনে সোশ্যাল মিডিয়ায় AI-জেনারেটেড ছবি পোস্ট করা এখন সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু সেই ব্যবহারই এবার নতুন করে উদ্বেগ তৈরি করল।
ঝলক ভাবনানী নামের এক তরুণী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি গুগল জেমিনির (Google Gemini) ‘Banana AI Saree Trend’ ব্যবহার করে নিজের ছবি তৈরি করেছিলেন। আপলোড করেছিলেন একটি কালো ফুলহাতা চুড়িদার ও ওড়না পরা ছবি। কিন্তু ফলাফলে যে শাড়ি পরা ছবি হাতে পান, তা দেখে চমকে ওঠেন তিনি।
ঝলকের অভিযোগ, ওই ছবিতে তাঁর শরীরের একটি ব্যক্তিগত বৈশিষ্ট্য—একটি তিল স্পষ্টভাবে দেখা গিয়েছে। ঝলকের প্রশ্ন, “AI কী ভাবে জানল আমার শরীরে ওই জায়গায় তিল রয়েছে?”
ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় তিনি জানান—
“AI ছবিটি দেখে শিউরে উঠেছিলাম। ভয় করছে। কী ভাবে এমন হল, বুঝতে পারছি না। তাই আপনাদের সতর্ক করতে বিষয়টি জানালাম। সোশ্যাল মিডিয়ায় ভেবে-চিন্তে ছবি আপলোড করুন।”
ঘটনার পর থেকেই আলোচনায় উঠে এসেছে একটি বড় প্রশ্ন—AI অ্যাপগুলি কতটা নিরাপদ? ব্যবহারকারীর দেওয়া ছবির বাইরেও কি কোনও ব্যক্তিগত তথ্য বা শারীরিক বৈশিষ্ট্য অ্যাক্সেস করতে সক্ষম এই প্রযুক্তি?
বিশেষজ্ঞদের মতে, AI মডেল ছবি প্রসেস করার সময় ডেটা-লেভেল এনকোডিংয়ের মাধ্যমে কিছু অপ্রত্যাশিত ‘ডিটেইল’ তৈরি করতে পারে। তবে ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষাই হওয়া উচিত সংস্থাগুলির প্রথম অগ্রাধিকার।
সোশ্যাল মিডিয়ায় এখন দ্রুত ছড়িয়ে পড়ছে ঝলকের পোস্ট। সাধারণ ব্যবহারকারীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা।







