রাজনীতি

সেনা ব্যবহার করে মুখ্যমন্ত্রীকে সরাতে চাইছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ মালদহের তৃণমূল সভাপতির

'শুভেন্দু–সুকান্ত দু’জনেই আধুনিক মীরজাফর', ক্ষোভ উগরে দিলেন আব্দুর রহিম বক্সী

সেনা ও আধাসেনা বাহিনী ব্যবহার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করছে বিজেপি—এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন মালদহ জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। সোমবার রতুয়ার ১ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ কর্মসূচি ও পথসভা থেকে তিনি বলেন—
“এরা ভাবছে রাষ্ট্রপতি শাসন জারি করে, বিএসএফ–সিআইএসএফ দিয়ে বাংলার গৌরবময় নবান্ন দখল করে নেবে।”

প্রসঙ্গত, তাঁর এই বক্তব্যের সময়েই কলকাতার ফোর্ট উইলিয়ামে সেনাপতি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে জওয়ানদের উদ্দেশে ভাষণ দিয়ে তিনি বিহারের উদ্দেশে রওনা দেন।

বিজেপি নেতৃত্বের দিকে তোপ দেগে আব্দুর রহিম বক্সী বলেন—
“পলাশির মীরজাফরকে আমরা ইতিহাসে দেখেছি। আজকের মীরজাফর বসে আছে তমলুকের কাঁথিতে—রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরেক মীরজাফর হল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বাঙালিকে অশান্ত করার ষড়যন্ত্র এরা করছে।”

তৃণমূল বিধায়কের এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। মালদহ জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী বলেন—
“ওনার মতো অশিক্ষিত রাজনীতিক নেই। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক দেশের প্রতিরক্ষা সংক্রান্ত ছিল, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। না বুঝেই উনি আজগুবি মন্তব্য করেছেন।”

তৃণমূলের এই মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.