রেলের অনলাইন টিকিট বুকিংয়ের নিয়মে আসছে বড় পরিবর্তন। জালিয়াতি ও কালোবাজারি রুখতে এবার থেকে টিকিট বুকিং শুরুর পর প্রথম ১৫ মিনিটে আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক করা হল। পুজোর আগেই এই নিয়ম কার্যকর হচ্ছে।
রেল সূত্রে খবর, আগামী ১ অক্টোবর থেকে আইআরসিটিসির ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে গেলে যাত্রীদের আধার অথেন্টিকেশন করতেই হবে। প্রথম ১৫ মিনিটে আধার ছাড়া কোনও সংরক্ষিত আসনের টিকিট পাওয়া যাবে না। রেলের মতে, এতে প্রকৃত যাত্রীরা অগ্রাধিকার পাবেন এবং অনলাইনে একাধিক ভুয়ো আইডি ব্যবহার করে টিকিট কেটে রাখার প্রবণতা রোখা যাবে।
তবে কাউন্টার থেকে টিকিট বুকিংয়ের নিয়মে কোনও বদল হচ্ছে না। এজেন্টদের ক্ষেত্রেও আগের নিয়মই বহাল থাকছে বুকিং শুরুর পর প্রথম ১০ মিনিট তারা টিকিট কাটতে পারবেন না। কিন্তু এবার থেকে সাধারণ যাত্রীদের ক্ষেত্রেই প্রথম ১৫ মিনিটে আধার যাচাই বাধ্যতামূলক। এজন্য সিআরআইএস এবং আইআরসিটিসি-কে সিস্টেম আপডেটের নির্দেশ দেওয়া হয়েছে।
অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ নতুন নয়। অনেক সময় টিকিট খোলার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়, অথচ পরে তা চড়া দামে মেলে এজেন্টদের কাছে। কালোবাজারি ঠেকাতে কয়েক মাস আগে তৎকাল টিকিটে আধার আবশ্যিক করা হয়েছিল। এবার সেই নিয়ম প্রযোজ্য হচ্ছে সাধারণ সংরক্ষিত টিকিটের ক্ষেত্রেও।







