অবৈধ অনলাইন বেটিং অ্যাপ প্রচার সংক্রান্ত মামলায় নতুন মোড় নিল তদন্ত। ‘ওয়ানএক্সবেট’ (1xBet) নামক অ্যাপের বিজ্ঞাপন প্রচারের অভিযোগে একের পর এক অভিনেতা-অভিনেত্রী ও খেলোয়াড়কে সমন পাঠাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত সোমবার বাংলার অভিনেত্রী তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী দিল্লির দফতরে প্রায় নয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। মঙ্গলবার হাজিরা দেন অভিনেতা অঙ্কুশ হাজরা। একই মামলায় বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে তলব করা হলেও তিনি নির্দিষ্ট দিনে উপস্থিত হননি। আগামী ২৪ সেপ্টেম্বর হাজিরা দিতে হবে অভিনেতা সোনু সুদকে। প্রাক্তন ক্রিকেটার রবীন উথাপ্পা ও যুবরাজ সিংহকেও যথাক্রমে ২২ ও ২৩ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে।
তদন্ত সূত্রে খবর, বহু অনলাইন বেটিং প্ল্যাটফর্ম বেআইনিভাবে ভারতে ব্যবসা বিস্তার করছে। সেই তালিকায় ‘ওয়ানএক্সবেট’ (1xBet)-এর নাম সামনে এসেছে। এই অ্যাপের বিজ্ঞাপন করেছেন মিমি, অঙ্কুশ, উর্বশী, সোনু সুদ সহ আরও অনেকে। ইডির ধারণা, তারকাদের বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমেই সাধারণ মানুষকে প্রলুব্ধ করে এই প্ল্যাটফর্ম। এর ফলে অনেকেই টাকা বিনিয়োগ করে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ইতিমধ্যেই দক্ষিণী অভিনেতা রানা দগ্গুবতী, নিধি আগরওয়াল প্রমুখদেরও ডাকা হয়েছে। অন্যদিকে, ইডির নজরে রয়েছেন আরও একাধিক তারকা। গত সপ্তাহে ভারতীয় ক্রিকেটার শিখর ধবনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগে সুরেশ রায়নাকেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে।
তদন্তকারীদের দাবি, এই প্ল্যাটফর্মগুলি ভুয়ো নাম ব্যবহার করে অর্থ সংগ্রহ করছে। কত টাকা পারিশ্রমিক বাবদ তারকারা পেয়েছেন, কাদের মাধ্যমে যোগাযোগ হয়েছে এবং কোন মাধ্যম ব্যবহার করে প্রচার করা হয়েছে, এসব খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে গুগল ও মেটার প্রতিনিধিদেরও ইতিমধ্যেই ডেকে পাঠানো হয়েছে। ফলে বেটিং অ্যাপ মামলায় সেলিব্রিটি থেকে টেক কোম্পানি, সকলেই এখন ইডির রাডারে।







