কলকাতা

ঘুড়ির চিনা সুতোর ফাঁদে গলা কেটে প্রাক্তন সেনা জওয়ানের মৃত্যু, ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের

কলকাতা: বিশ্বকর্মা পুজোর দিনে ফের ঘটল চাঞ্চল্যকর দুর্ঘটনা। ঘুড়ির চিনা সুতোর মারণ ফাঁদ কেড়ে নিল এক প্রাক্তন সেনা জওয়ানের প্রাণ। মৃতের নাম গৌতম ঘোষ। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ব্যারাকপুরের বাড়ি থেকে বাইকে করে এয়ারপোর্টে কাজে যাচ্ছিলেন তিনি। সেই সময় খড়দহের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

চোখের পলকে চিনা সুতোর মাঞ্জায় গলা কেটে যায় তাঁর। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে খড়দহ বন্দিপুর হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, গলা কেটে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে।

দমদম এয়ারপোর্টের চিফ সিকিউরিটি সুপারভাইজার কিরন্ময় ঘোষ জানিয়েছেন, “উনি আমাদের সিকিউরিটি টিমের সদস্য ছিলেন। মিলিটারি পুলিশের প্রাক্তন জওয়ান ছিলেন গৌতমবাবু। ফোর্ট উইলিয়ামে পোস্টিং ছিল তাঁর। চিনা মাঞ্জা-সুতোর জন্য এভাবে প্রাণ যেতে পারে, এটা অকল্পনীয়। আমরা চাই এই বেআইনি সুতো অবিলম্বে বন্ধ হোক।”

উল্লেখযোগ্যভাবে, এই প্রথম নয়। অতীতেও কলকাতা-সহ বিভিন্ন এলাকায় চিনা সুতোর মারণ ফাঁদে পড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। প্রশাসনের তরফে একাধিকবার সতর্কতা জারি করা হলেও ফের প্রাণ গেল এক প্রাক্তন সেনা জওয়ানের।

স্থানীয়দের প্রশ্ন, কড়া নজরদারি ও আইনি পদক্ষেপ নেওয়া সত্ত্বেও কিভাবে এখনও বাজারে মজুত থাকছে এই নিষিদ্ধ সুতো? দুর্ঘটনার পর ফের ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.