কর্ণাটকের বিজয়পুরে মঙ্গলবার বিকেলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখায় ঘটে গেল চাঞ্চল্যকর ডাকাতি। সেনার পোশাক পরে পিস্তল হাতে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। ব্যাঙ্ককর্মীদের বেঁধে মারধর করা হয়। মুহূর্তের মধ্যে কোটি কোটি টাকা ও সোনার গয়না লুট করে চম্পট দেয় তারা।
ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, মোট ৫৮ কেজি সোনা এবং প্রায় ৮ কোটি টাকা নগদ নিয়ে পালিয়েছে ডাকাতেরা। হুমকির মুখে কেউ অ্যালার্ম বাজাতে বা সাহায্য চাইতে সাহস পাননি। ঘটনাস্থল থেকে পুলিশ পরে ডাকাতদলের ব্যবহৃত গাড়ি উদ্ধার করেছে। প্রাথমিক অনুমান, তারা মহারাষ্ট্রের দিকে পালিয়েছে। কর্নাটক ও মহারাষ্ট্র পুলিশ ইতিমধ্যেই যৌথ অভিযানে নেমেছে।
পুলিশ জানিয়েছে, ডাকাতেরা প্রথমে শাখা ম্যানেজারের আসনের কাছে যায়, তারপর কোষাধ্যক্ষকে বন্দুক দেখিয়ে ক্যাশ ভল্ট খুলতে বাধ্য করে। কয়েক মিনিটের মধ্যেই তারা পুরো ব্যাঙ্কে তাণ্ডব চালিয়ে বেরিয়ে যায়।
প্রসঙ্গত, গত জুন মাসেও বিজয়পুরে এক ব্যাঙ্কে ডাকাতি হয়েছিল। সেখান থেকে ৫৯ কেজি সোনা ও ৫ লক্ষ টাকা লুট হয়েছিল। সেই ঘটনায় কয়েকজন ব্যাঙ্ককর্মীকে গ্রেফতার করা হয়েছিল। মাত্র আড়াই মাসের ব্যবধানে ফের একই শহরে ব্যাঙ্ক ডাকাতিতে আতঙ্কিত সাধারণ মানুষ।
পুলিশ স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে এবং জানিয়েছে—“সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”







